Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

রাস্তায় পড়ে থাকা সাড়ে ৪ লাখ টাকা মালিককে ফেরত দিলেন পাভেল

Advertisement

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম

রাস্তায় পড়ে থাকা সাড়ে ৪ লাখ টাকা মালিককে ফেরত দিলেন পাভেল

রাস্তায় পড়ে থাকা সাড়ে ৪ লাখ টাকা মালিককে ফেরত দিলেন পাভেল

Advertisement

হবিগঞ্জের মাধবপুরে রাস্তায় পড়ে থাকা সাড়ে ৪ লাখ টাকা কুড়িয়ে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন পাভেল খন্দকার নামে এক যুবক।

মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের মো. নাঈম খান ব্যক্তিগত কাজে মৌলভীবাজারের কুলাউড়া যাওয়ার পথে মাধবপুরের ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর এলাকায় অসাবধানতাবশত প্রায় সাড়ে ৪ লাখ টাকাভর্তি একটি সাইড ব্যাগ হারিয়ে ফেলেন। কিছুক্ষণ পর বিষয়টি বুঝতে পেরে তিনি আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

এ সময় শিমুলঘর গ্রামের পাভেল খন্দকার রাস্তায় পড়ে থাকা ব্যাগটি দেখতে পান। ব্যাগে বিপুল পরিমাণ টাকা থাকলেও তিনি তা নিজের কাছে না রেখে মালিকের সন্ধান শুরু করেন। পরে পরিচয় ও টাকার মালিকানা নিশ্চিত হওয়ার পর সন্ধ্যায় দৈনিক ইনকিলাবের নাসিরনগর উপজেলা সংবাদদাতা মুফতি মোযযাম্মিল হক মাছুমীর উপস্থিতিতে পুরো টাকা নাঈম খানের হাতে তুলে দেন।

হারানো টাকা ফিরে পেয়ে নাঈম আবেগাপ্লুত হয়ে পাভেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘টাকা ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। পাভেলের সততার কারণে বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছি।’

পাভেল খন্দকার বলেন, ‘টাকাটা আমার নয়। তাই নিজের কাছে রাখার কোনো প্রশ্নই আসে না। যার টাকা, তার কাছে ফিরিয়ে দেওয়াই আমার দায়িত্ব।’

পাভেলের এমন সততা ও মানবিকতার প্রশংসা করেছেন স্থানীয়রা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম