Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

তালতলীর নদীতে ৩২ ফুটের মৃত তিমি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, আমতলী ও তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পিএম

তালতলীর নদীতে ৩২ ফুটের মৃত তিমি

তালতলীর নদীতে ৩২ ফুটের মৃত তিমি

Advertisement

বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩২ ফুট দীর্ঘ একটি মৃত তিমি। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বড়বগি ইউনিয়নের চরপাড়া গ্রামের কাছে নদীর তীরে স্থানীয়রা তিমিটির মরদেহ দেখতে পান।

খবর ছড়িয়ে পড়লে বিশাল আকৃতির তিমিটি দেখতে নদীর তীরে ভিড় করেন উৎসুক মানুষ।

স্থানীয়দের ধারণা, বঙ্গোপসাগর থেকে স্রোতের সঙ্গে ভেসে তিমিটির লাশ আন্দারমানিক নদীর মোহনায় এসে পৌঁছেছে। পরে বেলা ১১টার দিকে তিমিটি আবার গভীর সমুদ্রের দিকে ভেসে যেতে শুরু করে। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিমিটি উদ্ধারে তৎপরতা শুরু করেন।

এদিকে বিশাল আকৃতির মৃত তিমিটি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। সকাল থেকেই নারী-পুরুষসহ বিভিন্ন বয়সি মানুষ নদীর তীরে ভিড় করে তিমিটি দেখছেন। উপকূলের নদীতে এত বড় আকৃতির সামুদ্রিক প্রাণীর লাশ ভেসে আসায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

পরিবেশকর্মী ও কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির আরিফুর রহমান বলেন, উপকূলে বারবার তিমি, ডলফিনসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণীর মৃতদেহ ভেসে আসা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মৃত তিমিটির হাড় সংরক্ষণ করে গবেষণা ও শিক্ষামূলক কাজে ব্যবহার করা যেতে পারে। আর অবশিষ্টাংশ দ্রুত মাটিচাপা দেওয়া না হলে পচে গিয়ে আশপাশের পরিবেশ দূষিত হতে পারে।

তালতলী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, কলাপাড়া ও তালতলীর সীমান্তবর্তী আন্দারমানিক নদীর দিকে মৃত তিমিটি ভেসে যাচ্ছিল। সেটিকে নিশানবাড়িয়ার দিকে নিয়ে আসার চেষ্টা চলছে। সেখানে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে তার আগে তিমিটির প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বিভিন্ন নমুনা সংরক্ষণ করা হবে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, ছবিতে দেখা বৈশিষ্ট্য অনুযায়ী প্রাথমিকভাবে এটি একটি বেলিন তিমি বলে মনে হচ্ছে। সম্ভবত এটি ব্রাইডস তিমি। বঙ্গোপসাগরে এ প্রজাতির তিমি তুলনামূলক বেশি দেখা যায়।

তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষা ছাড়া তিমিটির মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। জালে আটকা পড়া, বড় জাহাজের সঙ্গে সংঘর্ষ, সামুদ্রিক দূষণ ও প্লাস্টিক গ্রহণ, অসুস্থ অবস্থায় স্রোতের টানে অগভীর পানিতে চলে আসাসহ বিভিন্ন কারণে তিমিটির মৃত্যু হতে পারে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম