লুডু খেলার ভুল ধরায় তর্ক, গলা চেপে যুবককে হত্যার অভিযোগ
Advertisement
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোবাইলে লুডু খেলার সময় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে তর্কের জেরে রফিক মিয়া (৩৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রফিক মিয়া ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত লোকমান মিয়ার ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিন্তপুর গ্রামের শহিদ মাস্টারের বাগানবাড়িতে বসে সালমান ও বশির নামে দুই যুবক মোবাইলে লুডু খেলছিলেন। রফিক সেখানে গিয়ে তাদের খেলা দেখছিলেন। খেলার একপর্যায়ে রফিক তাদের ভুল হচ্ছে বলে মন্তব্য করলে সালমান ও বশিরের সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়।
পরে মাহফুজ মিয়া ও ধলু মিয়া নামে স্থানীয় দুই ব্যক্তি ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করেন এবং বিরোধ মীমাংসা করে দেন। তবে কিছুক্ষণ পর সালমান ক্ষিপ্ত হয়ে রফিকের গলা চেপে ধরেন বলে অভিযোগ উঠে। এ সময় তাকে কিলঘুসি মেরে মাটিতে ফেলে দেওয়া হয়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রফিককে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানার ওসি মো. শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে তর্কের জেরে মারধরের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

