Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ঢাকা-বরিশাল মহাসড়কে ঝরল দুই মোটরসাইকেল চালকের প্রাণ

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম

ঢাকা-বরিশাল মহাসড়কে ঝরল দুই মোটরসাইকেল চালকের প্রাণ

Advertisement

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর ও কটকস্থল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসব ঘটনায় একজন আরোহী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ বিজয়পুর শারমিন ক্লিনিকের সামনে যাত্রীবাহী তাজবী পরিবহণের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফাত রহমান বাবু (৩২) নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী আসাদুল ইসলাম (৩১) গুরুতর আহত হয়েছেন।

নিহত আরাফাত রহমান বাবু দুই সন্তানের জনক। তিনি আশোকাঠী গ্রামের বাসিন্দা এবং বর্তমানে মাহিলাড়া এলাকায় বসবাসরত অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের পালিত ছেলে। আহত আসাদুল ইসলামও আশোকাঠী গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কুয়াকাটাগামী যাত্রীবাহী তাজবী পরিবহণটি দুর্ঘটনাস্থলের স্পিড ব্রেকার অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির মোটরসাইকেলটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশের উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরাফাত রহমান বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আসাদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত তুরাগ

অপরদিকে, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান তুরাগ (৩২) নিহত হয়েছেন।

তুরাগ বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজকর এলাকার মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে। তিনি বাবুগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফা কামাল চিশতির ছোট ভাই।

তুরাগের সঙ্গে থাকা বন্ধু তরিকুল ইসলাম জানান, রাতে তারা চার বন্ধু দুইটি মোটরসাইকেল যোগে ঢাকা থেকে বাবুগঞ্জের নিজ গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা হন। পথে গৌরনদীর কটকস্থল এলাকায় পৌঁছলে তুরাগের চালানো মোটরসাইকেলটি মহাসড়কের মাঝখানে থাকা খাদে পড়ে যায়। এতে তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একই সময়ে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবারের দুর্ঘটনাকবলিত যান দুটি আটক করা হয়েছে। তবে বৃহস্পতিবার রাতের দুর্ঘটনায় সংশ্লিষ্ট ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি।

উভয় ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এসআই শরিফুল ইসলাম।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম