চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে শিশুসহ দুইজনের মৃত্যু
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পিএম
নিহতদের স্বজনদের আহাজারি
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে মো. রাহাত নামে এক মাদ্রাসা শিক্ষার্থী ও দেলোয়ার হোসেন মিন্টু (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে নগরীর ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসে ট্রেনের নিচে কাটা পড়ে এ ঘটনা ঘটে।
যদিও শিশুটিকে বাঁচাতে গিয়ে দেলোয়ার হোসেন মিন্টু কাটা পড়েন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে শিশুটিকে এক হাত ও এক পা ছাড়া উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
মো. রাহাত নগরীর দুই নম্বর গেট মসজিদ গলি এলাকায় স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করত। তার বাবার নাম মো. ফারুক।
জানা গেছে, ষোলশহর রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় শিশু রাহাত রেললাইন ধরে হাঁটছিল। এ সময় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন আসতে দেখে দেলোয়ার হোসেন মিন্টু ছুটে গিয়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
রাহাতের বাবা মো. ফারুক বলেন, জুমার নামাজের পর চটপটি খাওয়ার জন্য আমার ছেলে ২০ টাকা চেয়েছিল। টাকা নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর শুনি আমার রাহাত ট্রেনের ধাক্কায় আহত হয়েছে। গিয়ে দেখি তার এক হাত ও এক পা নেই। তাড়াতাড়ি করে চমেক হাসপাতালে নিয়ে যাই। সেখানে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। দুই ঘণ্টা পর চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করেন। এখন তার লাশ নিয়ে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছি।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি সুজন কুমার দে যুগান্তরকে বলেন, ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনায় লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
