ফুলেল শ্রদ্ধায় সাংবাদিক পুলক চ্যাটার্জিকে শেষ বিদায়
Advertisement
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পিএম
ফুলেল শ্রদ্ধায় সাংবাদিক পুলক চ্যাটার্জিকে শেষ বিদায়। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির শেষ বিদায়ে কেঁদেছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে তার লাশ বরিশাল প্রেস ক্লাবে নেওয়া হলে সেখানে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সহকর্মীদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন প্রেস ক্লাবে উপস্থিত হয়ে পুলক চ্যাটার্জির লাশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সাংবাদিক নেতা, বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীসহ তার দীর্ঘদিনের সহকর্মীরাও শেষবারের মতো শ্রদ্ধা জানান।
লাশ প্রেস ক্লাবে নেওয়ার পর সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। একে একে সহকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রিয় সহকর্মীকে শেষবারের মতো বিদায় দেওয়ার সময় অনেক সাংবাদিক কান্নায় ভেঙে পড়েন। কেউ কেউ নীরবে দাঁড়িয়ে থাকেন, আবার কেউ লাশের পাশে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন।
সাংবাদিকদের সঙ্গে পুলক চ্যাটার্জির দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে সহকর্মীরা বলেন, তিনি শুধু একজন জ্যেষ্ঠ সংবাদকর্মী ছিলেন না, বরং বরিশালের সাংবাদিক অঙ্গনের পরিচিত ও আপনজন ছিলেন। তার মৃত্যুতে বরিশালের গণমাধ্যম অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
শ্রদ্ধা নিবেদন শেষে পুলক চ্যাটার্জির লাশ নগরীর সরকারি বরিশাল কলেজ এলাকায় তার বাসভবনে নেওয়া হয়। সেখানে স্বজন, সাংবাদিক, বন্ধু ও প্রতিবেশীরা তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন।
পরে দুপুরে তার লাশ বরিশাল মহাশ্মশানে নেওয়া হয়। সেখানে ধর্মীয় রীতি অনুযায়ী তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
পুলক চ্যাটার্জি ছিলেন বরিশালের জ্যেষ্ঠ সংবাদকর্মীদের একজন। তিনি দীর্ঘদিন দৈনিক যুগান্তর ও দৈনিক সমকালে ব্যুরোপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য ছিলেন।
উল্লেখ্য, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে দৈনিক সমকালের বরিশাল ব্যুরো কার্যালয় থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

