Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

লিটন দাশের মরণোত্তর দেহদান হবিগঞ্জ মেডিকেলে

Advertisement

Icon

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম

লিটন দাশের মরণোত্তর দেহদান হবিগঞ্জ মেডিকেলে

Advertisement

নবীগঞ্জ পৌরসভার শিবপাশা এলাকার মৃত দ্বিজেন্দ্র দাশ তালুকদারের ছেলে লিটন দাশ তালুকদারের (৩৯) মৃত্যুর পর পূর্বঘোষণা অনুযায়ী শিক্ষা ও গবেষণা কাজে ব্যবহারের জন্য বিনাশর্তে হবিগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

আনুষ্ঠানিকতা শেষে রোববার রাতে লিটন দাশের মৃতদেহটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করেছে।

হবিগঞ্জ মেডিকেল কলেজ এটাই প্রথম কোনো মৃত মানবদেহ শিক্ষা ও গবেষণা কাজে গ্রহণ করেছে। এই মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন লিটন দাশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার হরিনাকান্দি গ্রামের দ্বিজেন্দ্র দাশের ছেলে লিটন দাশ তালুকদার নবীগঞ্জ শহরতলীর শিবপাশা গ্রামে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগেছেন। তার দুটি কিডনিই নষ্ট হয়ে যায়।

এক সময় লিটন দাশ পরিবারের লোকজনদের জানান, তার মৃত্যুর পর দাহ না করে মানবকল্যাণের কাজে লাগানোর জন্য তার মৃতদেহটি হবিগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দান করে দিতে। এ বিষয়ে লিটন দাশ মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে বিগত ১৩ আগস্ট হবিগঞ্জের বিজ্ঞ নোটারি কার্যালয়ে মরণোত্তর দেহদানের ঘোষণাপত্র সম্পাদন করেন। এতে তার ভাই দিপু দাশ তালুকদার, মা রেখা রাণী দাশ স্বাক্ষর করেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় লিটন দাশ তালুকদার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ, ডা. জাবেদ জিল্লুল বারি, এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডা. সুপার্থ ভট্টাচার্য, মেডিকেল টেকনোলজিস্ট প্রশান্ত চন্দ্র দেব, হিসাব রক্ষক সূর্য লাল রায়, ক্যাশিয়ার নারায়ণ পাল, লিটন দাশের বড় ভাই দিপু দাশ, বাসদ হবিগঞ্জ জেলার সদস্য সচিব শফিকুল ইসলাম ও অ্যাডভোকেট সবুজ দাশের দিনব্যাপী আন্তরিক প্রচেষ্টায় মৃতদেহ হস্তান্তরে জেলা প্রশাসনের অনুমতিসহ আইনি প্রক্রিয়া সম্পাদন করেন। আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ৮টার দিকে লিটন দাশের বড় ভাই দিপু দাশ ও তার আত্মীয়স্বজনরা মৃতদেহটি হবিগঞ্জ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

মেডিকেল কলেজের পক্ষ থেকে এ সময় নবীগঞ্জে উপস্থিত ছিলেন এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডা. সুপার্থ ভট্টাচার্য, প্রধান টেকনোলজিস্ট প্রশান্ত চন্দ্র দেব, হিসাবরক্ষক সূর্য লাল রায়, ক্যাশিয়ার নারায়ণ পাল।

মৃতদেহ হস্তান্তরের পূর্বে বাসদ হবিগঞ্জ জেলা ও নবীগঞ্জ উপজেলার পক্ষ থেকে তার কর্ম ও স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করে লাল সালাম প্রদর্শন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বাসদ নবীগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক চৌধুরী ফয়সল সুয়েব, বাসদ হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম, বাসদ নবীগঞ্জ উপজেলা কমিটির সদস্য কাঞ্চন চক্রবর্তী, দিপু চন্দ্র দাশ তালুকদার, তমাল ভট্টাচার্য, নরেন্দ্র পাল, কুমারেশ চক্রবর্তী, কংকন চক্রবর্তী, জয় চক্রবর্তী প্রমুখ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম