হাতকড়াসহ পালালেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা, ওসি ক্লোজড
Advertisement
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকায় পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রেনু মিয়া পালিয়ে যাওয়ার ঘটনায় থানার ওসিকে ক্লোজ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে মামলা করা হয়।
এ ঘটনার পর সোমবার রাতে কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দীনকে শোকজসহ ক্লোজ করা হয়েছে। তবে ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে রেনু মিয়াকে পুনরায় পুলিশ আটক করতে সক্ষম হয়।
মঙ্গলবার বিকালে আটককৃত নেতা রেনু মিয়াকে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে রেনু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ ছয়সূতি ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং মাধবদী এলাকার মৃত ইল্লাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রেনু মিয়াকে গ্রেফতারের পর তার দুই হাতে হাতকড়া পরানো হয়। এ সময় তার পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে তারা পুলিশকে ঘেরাও করে ধস্তাধস্তির মাধ্যমে রেনু মিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় পুলিশের কয়েকজন সদস্য আহত হন। পরে রেনু মিয়াকে রাত সাড়ে ৯টার দিকে পুনরায় গ্রেফতার করে পুলিশ। এ সময় হাতকড়াটি উদ্ধার করা হয়।
ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুছা বলেন, আসামির পরিবারের সদস্যরা ঘটনাটি ঘটিয়েছে। কর্তব্য অবহেলার কারণে ওসিকে শোকজসহ থানা থেকে রাতেই ক্লোজ করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার।
