Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

বান্দরবানে আগুনে পুড়ল ১৩ দোকান

Advertisement

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পিএম

বান্দরবানে আগুনে পুড়ল ১৩ দোকান

ছবি: যুগান্তর

Advertisement

বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৩টি দোকানপাট পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে বলীপাড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, ভোরে বাজারে দায়িত্বে থাকা চৌকিদার হঠাৎ একটি দোকানে আগুন দেখতে পান। পরে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় বাজারের ১৩টি দোকানপাট পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরও কয়েকটি দোকান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবি যৌথভাবে চেষ্টা চালিয়ে এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

ব্যবসায়ী উহ্লাশৈ বলেন, ২০২০ সালে ১০৯টি দোকান, ২০২৩ সালে ৫০টি, ২০২৫ সালে ১৩টি দোকানপাট ও সবশেষ চলতি বছরে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঘুরে দাঁড়ানো তো দূরের কথা, বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলীপাড়ার ব্যবসায়ীরা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিন্দু চাকমা বলেন, ১৩টি দোকানের কোনো দোকানদারই রাতে দোকানে থাকেন না। কোনো দোকানে ফ্রিজ চালু রেখে যাওয়ার কারণে ফ্রিজে ত্রুটি বা বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

বলীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, অগ্নিকাণ্ডে ১৩টি দোকানের মালামালসহ আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার রহিদুল ইসলাম মৃধা বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম