কক্সবাজারে ১০ম আন্তর্জাতিক হোমিওপ্যাথি সিম্পোজিয়াম অনুষ্ঠিত
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পিএম
কক্সবাজারে ১০ম আন্তর্জাতিক হোমিওপ্যাথি সিম্পোজিয়াম অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ ইন হোমিওপ্যাথি-বাংলাদেশের উদ্যোগে পর্যটন নগরী কক্সবাজারে দুই দিনব্যাপী ১০ম আন্তর্জাতিক হোমিওপ্যাথি সিম্পোজিয়াম-২০২৬ সম্পন্ন হয়েছে।
গত ১১ ও ১২ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) জেলা সরকারি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ডা. এম এ কাদেরের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডা. আব্দুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলার এডিসি জেনারেল মো. সাইদুল আলম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের রেজিস্ট্রার ডা. মো. জাহাঙ্গীর আলম, ডা. রেজাউর রহিম, ডা. মুজিবুল্লাহ মুজিব, ডা. মো. নাদিম, ডা. ফারুক আহমেদ মজুমদার, ডা. শফিকুল ইসলাম স্বপন, ডা. মাহবুব হাফিজ।
এছাড়া অনুষ্ঠানে ভারত থেকে ডা. মো. আব্দুল হামিদ, ডা. মো. আব্দুল হাকিম এবং শ্রীলঙ্কা থেকে ডা. মো. ইমতিয়াজ লতিফ বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।
সিম্পোজিয়ামে মোট ১২টি অধিবেশনে দেশ-বিদেশের চিকিৎসক, গবেষক ও বিশেষজ্ঞরা অংশ নেন। তারা হোমিওপ্যাথিক চিকিৎসা, গবেষণা, আধুনিক প্রয়োগ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে নিজেদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেন।
অনুষ্ঠানে পর্যটন নগরী কক্সবাজারে একটি হোমিওপ্যাথিক কলেজ ও আধুনিক হোমিওপ্যাথিক হাসপাতাল স্থাপনের জোরালো দাবি জানান সিম্পোজিয়ামের সদস্য সচিব ডা. মো. আব্দুল মজিদ।
বিজ্ঞানভিত্তিক এই সেমিনারে ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বক্তাদের পাশাপাশি বাংলাদেশের প্রথিতযশা হোমিওপ্যাথিক চিকিৎসকরা বিভিন্ন রোগের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন। দেশ ও বিদেশ থেকে প্রায় ৩০০ জন চিকিৎসক এই সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন।
সিম্পোজিয়ামে সার্বিক সহযোগিতার জন্য ম্যাক্সফেয়ার অ্যান্ড কোম্পানি, ভার্টেক্স হোমিও ফার্মাসিউটিক্যাল এবং ডিপলেড ল্যাবরেটরিজ কোম্পানিকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। আয়োজকরা জানান, সংগঠনের ১১তম আন্তর্জাতিক হোমিওপ্যাথি বিজ্ঞান সেমিনারের তারিখ ও সময়সূচি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

-6aaa9d56968fd.jpg)