নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার
Advertisement
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পিএম
নিহতের স্বজনদের আহাজারি
|
ফলো করুন |
|
|---|---|
নিখোঁজের একদিন পর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইয়ুব হোসেন এক ভাঙারি ব্যবসায়ীর হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর এলাকায় জালালাবাদ ওষুধ কোম্পানির পেছনের একটি পরিত্যক্ত ঝোপ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ জামিল হোসেন নামের এক নিরাপত্তা প্রহরীকে আটক করেছে।
নিহত আইয়ুব হোসেন (৫০) উপজেলার কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ‘খ সার্কেল’ দীপংকর ঘোষ ও সোনারগাঁও থানার ওসি মহম্মদ আবদুল বারিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে ব্যবসায়ী আইয়ুব হোসেন নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান বের করতে পারেনি। বুধবার সকালে কাঁচপুর জালালাবাদ ওষুধ কোম্পানির পেছনের ওই ব্যবসায়ীর ভাঙারি গোডাউনের পাশের ডোবায় একটি বস্তা ভাসতে দেখেন এলাকাবাসী। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা তাৎক্ষণিকভাবে সোনারগাঁ থানা পুলিশকে তা অবহিত করে।
খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডোবা থেকে বস্তাটি উদ্ধার করে। বস্তার মুখ খোলার পর এর ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ী আইয়ুব হোসেনের লাশ পাওয়া যায়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
সোনারগাঁও থানার ওসি মহম্মদ আবদুল বারিক বলেন, লাশের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এক নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার নিখোঁজের বিষয়টি আমাদের জানা নেই। থানায় কেউ এ বিষয় অবগত করেনি।
