ভোলায় আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে প্রতিমন্ত্রীর নির্দেশ
Advertisement
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভোলায় আইনশৃঙ্খলা চরম অবনতি ঠেকাতে বুধবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠক করেছেন গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি যেকোনো মূল্যে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন। পরিস্থিতি দেখভালের জন্য তিনি এ জেলার দায়িত্বে রয়েছেন।
ওই বৈঠকে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ সুপার, কোস্টগার্ডের জোনাল কমান্ডারসহ আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে নির্দেশনা দেওয়া হয়েছে। সবাইকে নিয়েই পরিস্থিতি মোকাবেলা করা হবে। বর্তমান সরকার প্রধান কোনো অনিয়মকে প্রশ্রয় দিচ্ছেন না। আমরাও দিচ্ছি না।
এ সময় সাংবাদিকরা আইনশৃঙ্খলার বিষয় ও দুর্নীতি বিষয়ে প্রশ্ন তুলে ধরেন। প্রতিমন্ত্রী বলেন, সব হাটবাজারসহ বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা বসানো হবে। বৃহস্পতিবার থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বসে ঠিক করবেন কোথায় কোথায় ক্যামেরা বসানো হবে। কোথায় কী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, তার দলের কেউ মাদক ব্যবসায় জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না।
প্রতিমন্ত্রী জানান, তার দপ্তর থেকে নিম্ন ও মধ্যম আয়ের মানুষদের জন্য নাগরিক হাউস তৈরি করা হবে। তিনি ভোলার গ্যাস দিয়ে উন্নয়নের প্রসঙ্গও তুলে ধরেন।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ভোলা-২ আসনের সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম, জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদ প্রশাসক জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম, জেলা বিজেপি সভাপতি আমিরুল ইসলাম রতন।
