ক্রীড়া প্রতিমন্ত্রী
৪৯৫ উপজেলায় একজন করে ক্রীড়া অফিসার নিয়োগ দেবে সরকার
Advertisement
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, দেশের ৬৪ জেলায় ক্রীড়া অফিসার আছে। কিন্তু উপজেলা পর্যায়ে ক্রীড়াকে এগিয়ে নেওয়ার জন্য কোনো লোকবল নেই। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসে মধ্যে সারা দেশে ৪৯৫টি উপজেলায় একজন ক্রীড়া অফিসার ও দুজন স্টাফ নিয়োগ দেবে সরকার। এই নিয়োগ কাঠামোর জন্য অর্থ বিভাগ থেকে অনুমোদন দেওয়া হয়েছে। এই ক্রীড়া অফিসার উপজেলা মিনি স্টেডিয়াম ও মাঠ, মাঠের সংস্কারসহ যাবতীয় কার্যক্রম দেখভালের তদারকি করবে।
তিনি বলেন, চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে খেলাধুলা নিয়ে একটি বিষয় সংযুক্ত হবে। তাদের খেলার বিষয় পড়াশোনা করে লিখিত পরীক্ষার পাশাপাশি খেলার মাঠে এসে অংশগ্রহণ করতে হবে।
বুধবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসর থেকে ৩০৬ জন বাছাই করা হয়েছে, তাদেরকে নিয়ে ১৯ সেপ্টেম্বর দুই মাসের প্রশিক্ষণ কোর্স শুরু হবে। সেখান থেকে উত্তীর্ণদের সরকারি খরচে বিনামূল্যে পড়াশোনা ও খেলার দায়িত্ব সরকার বহন করবে।
তিনি বলেন, নতুন কুড়ি স্পোর্টস দিয়ে আগামী ক্রীড়াবিদ ও আগামী প্রজন্ম তৈরি করতে চাই। বর্তমান সরকার খেলাকে পেশাদার হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য জাতীয় দলের খেলোয়াড়দের ভাতা দেওয়া চালু করেছে। নতুন কুড়ি স্পোর্টস ইতিমধ্যে প্রথম আসর শেষ হয়েছে। প্রথম আসরে এক লাখ ৬৮ হাজার কিশোর কিশোরীদের অংশ গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, নির্বাচনি ইশতেহারে তৃণমূল থেকে খেলোয়াড়দের তুলে এনে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দিব বলে যে ঘোষণা দিয়েছিল তা বাস্তবায়ন করছে।
এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলমসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতারা।
