Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

পেকুয়ায় সাংবাদিক পরিবারের ওপর হামলা, আহত ৩

Advertisement

Icon

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম

পেকুয়ায় সাংবাদিক পরিবারের ওপর হামলা, আহত ৩

Advertisement

কক্সবাজারের পেকুয়ায় কর্মরত সাংবাদিক আমিরুল ইসলাম রাশেদের পরিবারের ওপর হামলা চলিয়ে তার বাবা-মা এবং তার ছোট ভাইকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন কিশোর গ্যাং সদস্যের বিরুদ্ধে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পেকুয়া পৌরসভার শেখের কিল্লা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সাংবাদিক রাশেদের পিতা নুর মোহাম্মদ (৫০), তার মা কহিনুর আক্তার (৪৫) ও ছোট ভাই মনিরুল মোস্তফা (২৫)। তাদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

সাংবাদিক আমিরুল ইসলাম বলেন, স্থানীয় কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য আমার বাবার কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল; কিন্তু তিনি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেন। শুক্রবার সকালে আমাদের নিজস্ব জায়গায় ঘর নির্মাণের কাজ করার সময় স্থানীয় মৃত শাহাব উদ্দিনের ছেলে শফিউল আলম ও জয়নাল আবেদীন, কোরবান আলীর ছেলে মোহাম্মদ আনিছ, মোহাম্মদ তারেক, আজিম উদ্দিনসহ অজ্ঞাত ৩-৪ জন বাড়ি নির্মাণ কাজে বাধা প্রদান করেন এবং পুনরায় তারা ৫ লাখ চাঁদা দাবি করেন। তাদের কথা কর্ণপাত না করে আমার বাবা বাড়ির নির্মাণের গর্তের কাজ শুরু করেন। এ সময় তারা হঠাৎ আমার বাবা, মা ও ছোট ভাইকে পিটিয়ে এবং কুপিয়ে মারাত্মক জখম করেন। 

ভুক্তভোগী নুর মোহাম্মদ বলেন, আমার নিজের জায়গায় আমি বাড়ি নির্মাণ করছি। তারা এসে বলে বাড়ি করতে হলে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে, টাকা না দিলে গর্ত করা বন্ধ করে দিতে বলেন। এমনকি আমার জায়গা জোরপূর্বক দখল করে রাখতে চায়। আমি তাদের চাঁদা না দিয়ে আমার জায়গায় বেজের গর্ত করায় তারা প্রতিনিয়ত আমাকে হুমকি দিচ্ছিল। আজ সকালে ওই কিশোর গ্যাংয়ের নেতৃত্বে আমার পরিবারের ওপর হামলা করে। আমার স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও আমার ছেলেকে ধারাল কিরিচ দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন। আমি প্রশাসনের কাছে এসব কিশোর গ্যাং ও চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, ঘটনাটির ব্যাপারে অবগত রয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম