এনসিপি নেতাকে কুপিয়ে জখম
Advertisement
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পিএম
পলাশ আলী। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর তানোরে পলাশ আলী (৩৫) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তানোর উপজেলার কৃষ্ণপুর মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
পলাশ আলী এনসিপির তানোর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি উপজেলার প্রাণপুর গ্রামে। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পলাশ আলী প্রাণপুর গ্রাম থেকে মোটরসাইকেল যোগে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে কৃষ্ণপুর মোড়ে পৌঁছালে এলাকারই কতিপয় ব্যক্তি তার পথরোধ করেন। তারা এনসিপি নেতাকে রশি দিয়ে গাছে বেঁধে ফেলেন এবং লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে ও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে পলাশ আলী রক্তাক্ত জখম হন। আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পলাশ আলীকে দ্রুত উদ্ধার করে প্রথমে তানোর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পলাশ আলী ও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হামলাকারীরা পলাশ আলীর পূর্বপরিচিত এবং কয়েকজন আত্মীয়ও রয়েছেন। একটি এনজিওর মালিকানা ও লেনদেন নিয়ে দুপক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলছিল। তারই জেরে আরাফাতুল আলম (৩৭), আফজাল হোসেন (৩৩), আফসার আলী (৩৫) ও মোস্তাফিজুর রহমানসহ (৪২) আরও কয়েকজন পলাশ আলীর ওপর হামলা করেন। হামলাকারীদের বাড়ি তানোর উপজেলার প্রাণপুর ও জুমারপাড়া এলাকায়। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন।
এদিকে রাজশাহী জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মুরশেদ আলী জানান, পারিবারিক পূর্ব বিরোধের জেরেই এনসিপি নেতা পলাশ আলীর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। তিনি ঘটনার তদন্ত করে প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করেন।
ঘটনার বিষয়ে জানতে শনিবার সকালে তানোর থানার ওসি মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, একটি এনজিওর অংশীদারত্ব ও লেনদেন সংক্রান্ত বিরোধ নিয়ে কিছুদিন আগে তারা থানায় এসেছিলেন। তখন বিষয়টি সমাধান হয়নি। তারই জেরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
ওসি আরও জানান, এনসিপির জেলা নেতারা তাকে ফোন করে জানিয়েছেন, শনিবার দিনের মধ্যে তারা থানায় এজাহার দায়ের করবেন। এজাহার পেলে সে অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওসি।
