Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

কুমিল্লায় এবার নিখোঁজ দশম শ্রেণির শিক্ষার্থী নাফিজ

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পিএম

কুমিল্লায় এবার নিখোঁজ দশম শ্রেণির শিক্ষার্থী নাফিজ

শাহরিয়ার নাফিজ। ছবি: সংগৃহীত

Advertisement

কুমিল্লায় শাহরিয়ার নাফিজ নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজের খবর পাওয়া গেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে স্কুলে যাওয়ার পথে নাফিজ নিখোঁজ হয়। 

একইদিন রাত ১টা ১০ মিনিটে নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন তার আপন মামা মো.নজরুল ইসলাম বাপ্পি। 

শাহরিয়ার নাফিজ (১৫) কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বুড়িরপাড় গ্রামের প্রবাসী মো. সুমন মিয়ার ছেলে। সে কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। 

এদিকে, নাফিজের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সহযোগিতা চেয়েছেন। ওই শিক্ষার্থীর সন্ধান চেয়ে কুমিল্লা আদালতের আইনজীবি অ্যাডভোকেট সোহরাব হোসেন ভূঁইয়া একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি লেখেন, সোমবার সকালে ইবনে তাইমিয়া স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার নাফিজ স্কুলে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। 

শাহরিয়ার নাফিজের মামা মো. নজরুল ইসলাম বাপ্পি বলেন, সোমবার সকালে স্কুলে যাওয়ার জন্য সে বাসা থেকে বের হয়। এরপর সারাদিন আর বাসায় ফেরেনি। আমরা সব আত্মীয় স্বজনদের বাসায় খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোথাও তার খোঁজ পাইনি। পরে রাত ১২টার দিকে কুমিল্লায় কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমরা সবার কাছে সহযোগিতা চাইছি। তার সন্ধান পেলে আমাদের জানানোর অনুরোধ জানাচ্ছি। 

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, শাহরিয়ার নাফিজ নামে এক শিক্ষার্থীর নিখোঁজ ডায়েরি পেয়েছি। আমরা বিষয়টি তদন্ত করছি। পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা করছে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম