আক্কেলপুরে ৭৩ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিসহ ৪ পাচারকারী আটক
Advertisement
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জয়পুরহাটের আক্কেলপুরের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও বিশেষ গোয়েন্দা সংস্থা এসআরবির যৌথ অভিযানে ভারতে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা প্রায় ৭৩ কেজি ওজনের একটি মূল্যবান প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধারসহ চার পাচারকারীকে আটক করা হয়েছে। উপজেলার বিহারপুর গ্রাম থেকে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ওই কষ্টিপাথরের মূর্তিটিসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- আক্কেলপুর গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে মো. হামিদুর রহমান (৬২), অনন্তপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে জাকির হোসেন (৫১), জালালপুর গ্রামের সুচীন চন্দ্র মন্ডলের ছেলে মুকুল চন্দ্র মন্ডল (৩৮) ও বিহারপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে কামাল হোসেন (৬১)। এরা সবাই সংঘবদ্ধ মূর্তি পাচারকারী চক্রের সক্রিয় সদস্য।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাট ব্যাটালিয়ন-২০ বিজিবির মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আক্কেলপুর উপজেলার একটি সংঘবদ্ধ মূর্তি পাচারকারী চক্র বেশ কিছু কষ্টিপাথরের মূর্তি সংগ্রহ করে ভারতে পাচারের পাঁয়তারা করছে। গোপন সূত্রে পাওয়া এমন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল ও এসআরবি যৌথভাবে উপজেলার বিহারপুর গ্রামে অভিযান চালায়।
অভিযানকালে স্থানীয় আব্দুর রাজ্জাকের বাড়ি থেকে প্রথমে ওই চক্রের সদস্য মুকুল চন্দ্র মন্ডল ও কামাল হোসেনকে কষ্টিপাথরের মূল্যবান মূর্তি সহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা হামিদুর রহমান ও জাকির হোসেনকে আটক করা হয়।
৭২ কেজি ৯০০ গ্রাম ওজনের উদ্ধারকৃত প্রাচীন কষ্টিপাথরের মূর্তিটির আনুমানিক মূল্য (সিজার মূল্য) ধরা হয়েছে ৭২ লাখ ৯০ হাজার টাকা।
উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিসহ আটক চার আসামিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আক্কেলপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
