প্রেমিকার অন্যত্র বিয়ে, প্রেমিকের কাণ্ড
Advertisement
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার দুর্গাপুরে প্রেমিকার বিয়ে অন্যত্র ঠিক হওয়ায় হতাশ হয়ে মহসিন আল নাঈম (১৭) নামের এক মাদ্রাসাছাত্র আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার। প্রায় দুই বছর ধরে ওই তরুণীর সঙ্গে নাঈমের প্রেমের সম্পর্ক ছিল। দুই পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তাও এগিয়েছিল।
সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে দুর্গাপুর পৌরশহরের সাধুপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নাঈম ওই এলাকার মতিউর রহমানের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত।
পরিবারের সদস্যরা জানান, রাতে নাঈমকে ঘরের ধরনার সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় দেখতে পান তারা। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, একই উপজেলার পার্শ্ববর্তী চণ্ডিগড় এলাকার এক তরুণীর সঙ্গে নাঈমের প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে নাঈমের পরিবারের পক্ষ থেকে ওই তরুণীর বাড়িতে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথাবার্তাও হয়। তবে রোববার ওই তরুণীর বিয়ে অন্যত্র ঠিক হয়।
নাঈমের পরিবারের দাবি, ওই তরুণী বিয়ের কেনাকাটা করতে স্থানীয় বাজারে এলে নাঈম বিষয়টি জানতে পারে। সোমবার রাতে ওই তরুণী নাঈমকে জানায়, সে তাকে বিয়ে করতে পারবে না। এরপর হতাশ হয়ে নাঈম পরিবারের অগোচরে আত্মহত্যা করে বলে পরিবারের সদস্যরা জানান।
নাঈমের বড় ভাই মাহমুদুল হাসান বলেন, কিছুদিন আগে আমরা মেয়ের বাড়িতে গিয়ে বিয়ের বিষয়ে কথা বলে এসেছিলাম। গত পরশু আমার ভাই মেয়েটিকে বাজারে বিয়ের কেনাকাটা করতে দেখে। পরে গতকাল রাতে মেয়েটি তাকে বিয়ে করবে না বলে জানায়। বিষয়টি জানতে পেরে আমার ভাই এ ঘটনা ঘটিয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য নাঈমের মরদেহ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে প্রেমের সম্পর্ক ও মানসিক হতাশা থেকেই এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
