Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

এডওয়ার্ড কলেজ গ্রন্থাগার থেকে ‘ছাত্র সংবাদ’ ম্যাগাজিন অপসারণ ছাত্রদলের

Advertisement

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম

এডওয়ার্ড কলেজ গ্রন্থাগার থেকে ‘ছাত্র সংবাদ’ ম্যাগাজিন অপসারণ ছাত্রদলের

Advertisement

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ গ্রন্থাগার থেকে গোলাম আযমের বইয়ের বিজ্ঞাপন সংবলিত ‘ছাত্র সংবাদ’ ম্যাগাজিন অপসারণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় শিবির পরিচালিত ওই ম্যাগাজিন থেকে গোলাম আযমের ছবি সংবলিত বিজ্ঞাপণের পাতা ছিঁড়ে ফেলে ম্যাগাজিনগুলো লাইব্রেরিয়ানের কাছে জমা দেন ছাত্রদল নেতারা। 

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ লাইব্রেরিতে এ ঘটনা ঘটে। ছাত্রদল এডওয়ার্ড কলেজ শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শ্রাবণ বলেন, তিনি নিয়মিত পড়ার জন্য লাইব্রেরিতে যান। মঙ্গলবার দুপুরে কয়েকজন সহপাঠী ও ছাত্রদল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে লাইব্রেরিতে গেলে দেখতে পান যে, গোলাম আযমের বইয়ের বিজ্ঞাপন সংবলিত অনেকগুলো "ছাত্র সংবাদ" ম্যাগাজিন লাইব্রেরিতে রাখা হয়েছে। লাইব্রেরিয়ান সুলভ হোসেনকে জিজ্ঞাসা করলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে ছাত্রদল নেতাদের কাছে জবাব দেন। পরে ছাত্রদল নেতাকর্মীরা ওই ম্যাগাজিন থেকে গোলাম আযমের ছবি ছিঁড়ে ফেলেন এবং ম্যাগাজিনগেুলো লাইব্রেরিয়ান সুলভ হোসেনের কাছে জমা দেন।

ছাত্রদল নেতারা আরও বলেন, শিবির পরিচালিত ছাত্র সংবাদের ডিসেম্বর-২০২৪ সংখ্যায় 'যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি' শীর্ষক প্রবন্ধে বলা হয়েছিল- সেই সময়ের অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল। এভাবেই ওই ম্যাগাজিনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী তথ্য শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করেন গুপ্ত নামে পরিচিত শিবির।

এ ব্যাপারে লাইব্রেরিয়ান সুলভ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কখন এবং কারা এই ম্যাগাজিন রেখে গেছেন তা তিনি জানেন না। 

এ ঘটনায় শিবিরের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি ক্যাম্পাসসহ পুরো জেলায় আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম