Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

জ্বালানি তেলের দাম পণ্যমূল্যে তেমন প্রভাব ফেলবে না: বাণিজ্যমন্ত্রী

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পিএম

জ্বালানি তেলের দাম পণ্যমূল্যে তেমন প্রভাব ফেলবে না: বাণিজ্যমন্ত্রী

জিন্দাবাজারস্থ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠান। ছবি: যুগান্তর

Advertisement

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়লেও পণ্যের দামে তার কোনো বিশেষ প্রভাব পড়বে না। এ নিয়ে অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট বা সুযোগ নিতে না পারে, সে জন্য বাজারে কঠোর মনিটরিং ব্যবস্থা চালু করা হবে। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিলেটের লাক্কাতুরা চা বাগান ফ্যাক্টরি মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় বিরোধীদলের সমালোচনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তারা নির্বাচিত বিরোধীদল। তাদের উচিত মুখরোচক কথাবার্তা না বলে দায়িত্বশীল আচরণ করা। এর আগে তিনি লাক্কাতুরার বিভিন্ন চা বাগানের ১ হাজার ৯৮০ জন শ্রমিকের মাঝে রেইনকোট বিতরণ করেন। অনুষ্ঠানে স্থানীয় জেলা প্রশাসক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই দিন জিন্দাবাজারস্থ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বহুমুখী উদ্যোগ নিয়েছে। শিক্ষার সুযোগ সবার কাছে পৌঁছে দিতে অবকাঠামো উন্নয়ন ও উপযুক্ত পরিবেশ তৈরিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জিন্দাবাজারের এই ভবনটির যৌথ উদ্বোধনী আয়োজন করে উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কুমকুম ইয়াসমিনের পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াত, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশাদ এবং উপজেলা শিক্ষা অফিসার শরীফ মো. নেয়ামতউল্লাহ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন— মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলা উদ্দিন, শিক্ষক ফাহমিদা পারভীন, রোমানা বেগম, সুলতান আহমদ, উম্মে সালমা বেগম, শর্মিলা রায়, ফাহিমা বেগম, বিদ্যালয় কল্যাণ সমিতির সভাপতি আখতার ফারুক লিটন এবং পিটিএ কমিটির সভাপতি মুন্সী ইকবাল। মোনাজাত পরিচালনা করেন শিক্ষাবিদ মো. আতাউর রহমান এবং পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন ছাত্রী নুসরাত জাহান জেরিন ও পুনম শর্মা।

পরবর্তীতে বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মিলনায়তনে সিলেট সিটি করপোরেশন ও সিলেট সদর উপজেলা প্রশাসন আয়োজিত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী।

তিনি বলেন, ‘আগামীর উন্নত বাংলাদেশ গড়তে হলে মেধার কোনো বিকল্প নেই। বিশ্বে যেসব দেশ উন্নতি করেছে, তারা শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে প্রচুর বিনিয়োগ করেছে। আমাদের লক্ষ্য সিলেটে একটি আধুনিক এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা, যাতে তরুণরা ফ্রিল্যান্সিংসহ বিশ্বমঞ্চে অবদান রাখতে পারে।’ এ সময় তিনি শিক্ষার্থীদের মাদক থেকে শতভাগ দূরে থাকার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের শিক্ষাব্যবস্থাকে সমৃদ্ধ করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সিলেট সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা অভিজিত কুমার পালের স্বাগত বক্তব্যে এতে আরও বক্তব্য রাখেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. দিদার চৌধুরী, সিলেট ক্যাডেট কলেজের অধ্যক্ষ আ ফ ম মোরতাহিন বিল্লাহ এবং ইউএনও খোশনূর রুবাইয়াত।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন রেজওয়ানা হালিম তাহিয়া ও আহমেদ ওয়াকিল। সিসিক ও সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ মোট ১ হাজার ৬৭৭ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় মহানগর বিএনপির শীর্ষ নেতারা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম