নিখোঁজের তিন দিন পর খালে পাওয়া গেল শিশুর বস্তাবন্দি লাশ
Advertisement
বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ এএম
মো. ইসমাইল। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
তিন দিন ধরে নিখোঁজ ছিল সাত বছরের শিশু ইসমাইল। স্বজনেরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজেছেন, মাইকিং করেছেন এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শেষ পর্যন্ত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের মুসলিমপাড়া-সংলগ্ন একটি খালে বস্তাবন্দি অবস্থায় তার লাশ পাওয়া যায়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রোকন হাওলাদারকে (২৩) আটক করেছে পুলিশ। নিহত শিশুটির নাম মো. ইসমাঈল (৬)। সে মুসলিমপাড়া এলাকার আকবর হোসেনের ছেলে।
পুলিশ ও নিহত শিশু ইসমাঈলের পরিবার জানায়, গত রোববার সকালে প্রতিদিনের মত সকালে বাড়ির সামনে খেলতে বের হয় শিশু ইসমাঈল, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেলেও শিশুটি না ফেরায় চারিদিকে খুঁজতে থাকে পরিবারের লোকজন সহ এলাকাবাসী। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার স্থানীয়রা বাড়ির পাশের খালে বস্তাবন্দি অবস্থায় শিশুটির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
শিশুটির চাচী নুর নাহার (৪০) বলেন, কিছুদিন আগে মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে ইসমাঈলের বাবার সঙ্গে রোকনের বিরোধ হয়। এ সময় রোকন শিশুটির বাবাকে হুমকি দিয়ে বলেছিলেন, ‘তোকে আমি এমন করব, সারাজীবন কাঁদবি।’
তবে পরিবারের করা এসব অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বোরহানউদ্দিন থানার ওসি আশরাফউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রোকন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
তবে শিশুটির মৃত্যুর কারণ, তাকে কীভাবে হত্যা করা হয়েছে এবং এ ঘটনায় আর কেউ জড়িত কিনা—এসব বিষয় তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

