রাজশাহীতে ডেঙ্গুতে পাঁচদিনে ৩ জনের মৃত্যু
Advertisement
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু থামছে না। গত পাঁচ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩০ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ১০৭ জন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিল ১০৬ ডেঙ্গু আক্রান্ত রোগী। গত জুলাই মাস থেকে ডেঙ্গুর প্রকোপ শুরুর পর এ পর্যন্ত রাজশাহী মেডিকেল হাসপাতালে মারা গেছে মোট ১২ জন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামিম আহমেদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর হাসপাতালে নতুন করে ২০ ডেঙ্গু রোগী ভর্তি হয়। ওইদিন ১২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পায়। একই দিনে ডেঙ্গু আক্রান্ত মো. আনোয়ার মন্ডল (৫২) মারা যান। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। এর আগের দিন ১৮ সেপ্টেম্বর রাতে তিনি হাসপাতালে ভর্তি হন। গত ১৯ সেপ্টেম্বর সকালে তার মৃত্যু হয়। হাসপাতালের তথ্যে তার মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু আক্রান্ত বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে গত ২০ সেপ্টেম্বর হাসপাতালে নতুন করে আরও ৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। ওইদিন ১৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পায়। একই দিনে ডেঙ্গু আক্রান্ত ১৬ বছর বয়সের সাথী রাণীর মৃত্যু হয়। তার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। সাথী রাণী ১৯ সেপ্টেম্বর দুপুর দেড়টায় রামেক হাসপাতালে ভর্তি হন। পরদিন ২০ সেপ্টেম্বর ভোরে তার মৃত্যু হয়।
অন্যদিকে ২১ সেপ্টেম্বর হাসপাতালে নতুন করে ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। একই সময়ে ২৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পায়। ওইদিন ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি। দিন শেষে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১০৪ জন রোগী চিকিৎসাধীন ছিল। গত ২২ সেপ্টেম্বর নতুন করে আরও ২৯ জন ডেঙ্গু রোগী রামেক হাসপাতালে ভর্তি হয়। এদিন ২৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পায়। একই দিনে আব্দুল করিম (৪৫) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এ সময়ে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০৭ জনে।
জানা গেছে, আব্দুল করিম পেশায় কৃষক ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পোলাডাঙ্গা বটতলা এলাকায়। তিনি ১৬ সেপ্টেম্বর রাতে রামেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ২২ সেপ্টেম্বর সকালে তার মৃত্যু হয়।
এদিকে সবশেষ বুধবার হাসপাতালে নতুন করে আরও ২৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়। একই সময়ে ২৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে। এদিন নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১০৬ রোগী চিকিৎসাধীন।
