Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

বিকল ট্রলারে চারদিন ভেসে ছিল ১৮ জেলে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, রাঙ্গাবালী (পটুয়াখালী)

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ এএম

বিকল ট্রলারে চারদিন ভেসে ছিল ১৮ জেলে

ছবি: সংগৃহীত

Advertisement

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে একটি মাছ ধরার ট্রলার বিকল হয়ে চারদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে একটি মাছ ধরার ট্রলার নিয়ে স্বজনরা গিয়ে তাদের অক্ষত উদ্ধার করে।

বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জের  জোবায়ের এন্টারপ্রাইজের মৎস্য আড়তদার ফরহাদ হোসেন পাটোয়ারী। তিনি বলেন, নৌপুলিশ ও কোস্টগার্ডের কাজটা কী? শেষ পর্যন্ত আমাদেরই একটি ট্রলার পাঠিয়ে তাদের উদ্ধার করতে হয়েছে।

উদ্ধারকারী ট্রলারে থাকা বিকল ট্রলারের মালিক হানিফ মাঝির ভাই ফিরোজ রাঢ়ী যুগান্তরকে বলেন, তার ভাইসহ ট্রলারের ১৮ জন মাঝিমাল্লাকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সোনারচর সংলগ্ন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এখন তাদের চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউনিয়নের পাচকপাট স্লুইস গেট এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে গত শনিবার সাগরে মাছ ধরার পর রোববার হানিফ মাঝির মালিকানাধীন  ট্রলারের পাখা ভেঙে যায়। এরপর থেকে সোনারচর ও রূপারচরের মাঝামাঝি এলাকায় বিকল অবস্থায় নোঙর করে ছিল ট্রলারটি। মঙ্গলবার নেটওয়ার্ক পাওয়ার পর ট্রলার মালিক হানিফ মাঝি বিষয়টি তার এলাকার আড়তদার ফরহাদ হোসেন পাটোয়ারীকে জানান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে উদ্ধারের সহায়তা চাওয়া হয়।

তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যে উত্তাল সাগরে উদ্ধার অভিযান ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বুধবার পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে আড়তদারের পাঠানো ট্রলারে তাদের উদ্ধার করা হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম