এমপির মোবাইল নাম্বার হ্যাক, অতঃপর...
Advertisement
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পিএম
মোহাম্মদ জাকির হোসেন বাবলু। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলুর মোবাইল নম্বর ক্লোন (হ্যাক) করে টাকা দাবি করেছে প্রতারক চক্র।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধিসহ এমপির পরিচিত বিভিন্ন ব্যক্তির কাছে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে টাকা দাবি করে হ্যাকাররা।
বিষয়টি জানতে পেরে এমপি তার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট করেছেন ও থানায় জিডি করবেন বলে জানিয়েছেন।
জানা যায়, বৃহস্পতিবার সকালে হ্যাকাররা ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের এমপির অফিসিয়াল মোবাইল নম্বরটি ক্লোন (হ্যাক) করে বিভিন্ন লোকের কাছে এমপি পরিচয়ে টাকা দাবি করে। কিন্তু যাদের মোবাইলে বার্তা পাঠিয়ে টাকা চাওয়া হয়েছে তারা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। ফাঁদে পা না দিয়ে টাকা চাওয়ার বিষয়টি বৃহস্পতিবার দুপুরে এমপিকে জানান তারা। কয়েকজন পরিচিত মুখ অবগত করলে তিনি হ্যাকের বিষয়টি জানতে পারেন। তাৎক্ষণিকভাবে এমপি তার অফিসিয়াল ফেসবুক আইডিতে পোস্ট করে সবাইকে সতর্ক করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে এমপি মোহাম্মদ জাকির হোসেন বাবলু যুগান্তরকে জানান, বৃহস্পতিবার দুপুরে পরিচিত কয়েকজন টাকা চাওয়ার বিষয়টি আমাকে জানায়। হ্যাকের বিষয়টি আমি জানতে পারি। ইতোমধ্যে সবাইকে সতর্ক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট দেওয়া হয়েছে। আইডি হ্যাকারদের হাত থেকে উদ্ধার করার চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
