শর্টসার্কিটের আগুনে নিঃস্ব ১৪ পরিবার
Advertisement
যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পিএম
শর্টসার্কিটের আগুনে নিঃস্ব ১৪ পরিবার
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে ১৪টি পরিবার। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গজারিয়া গ্রামের ১০টি ঘরে ১৪টি পরিবার বসবাস করত। সকালে আলফাজ মিয়ার ঘরের বৈদ্যুতিক মিটার থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
এ সময় আতঙ্কিত হয়ে স্থানীয়রা যার যার মতো করে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ১০টি ঘরে বসবাস করা ১৪টি পরিবারের ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক মো. ফারুক আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
