Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

তৃতীয় দিনেও অচল চুয়েট, নতুন ভিসিকে ক্যাম্পাসে চায় না শিক্ষক সমিতি

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো ও চুয়েট প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম

তৃতীয় দিনেও অচল চুয়েট, নতুন ভিসিকে ক্যাম্পাসে চায় না শিক্ষক সমিতি

চুয়েটে মশাল মিছিল

Advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন ‘সর্বাত্মক শাটডাউন কর্মসূচি’ তৃতীয় দিনে গড়িয়েছে। এর মধ্যে মানববন্ধনও করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিকালে সংবাদ সম্মেলন করে চুয়েট শিক্ষক সমিতির নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, তারা নতুন ভিসিকে ক্যাম্পাসে চান না। অপসারিত ভিসির পুনর্বহাল চান।

সন্ধ্যার পর ভিসির পুনর্বহাল দাবিতে মশাল মিছিল কর্মসূচিও ছিল শিক্ষার্থীদের। আন্দোলন কর্মসূচির কারণে কার্যত তৃতীয় দিনের মতো অচল ছিল চুয়েট। ক্লাশ-পরীক্ষা বর্জন চলছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সকাল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়  শহীদ জড়ো হতে শুরু করেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’, ‘ভিসির চেয়ার কারে চায়, সায়েম স্যারকেই আবার চাই’, ‘ভিসি স্যার, ভিসি স্যার, সায়েম স্যার, সায়েম স্যার’ ইত্যাদি স্লোগানে পুরো ক্যাম্পাস মুখরিত করে তোলেন। এছাড়া নতুন উপাচার্যের প্রবেশাধিকার রোধ করতে ভিসি কক্ষে তালা ঝুলিয়ে সেখানে হাতে লেখা নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাশ-পরীক্ষা বর্জনের ঘোষণাও দেওয়া হয়েছে।

শাটডাউনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ রাখা, গণস্বাক্ষর সংগ্রহসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে চলমান এই অস্থিরতা নিরসন এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষার্থে এদিন অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জরুরি বিবৃতি দেওয়া হয়েছে।

সংগঠনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মকবুল হোসেন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, চুয়েটের উপাচার্য পদে নিয়োগ সংক্রান্ত ২১ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে যে অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে, তা নিরসন এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংরক্ষণ ও উন্নতির লক্ষ্যে উপাচার্য নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনটি পুনর্বিবেচনা করে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদে পুনর্বহাল করার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানানো হলো।

শিক্ষকদের সংবাদ সম্মেলন:  চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকরা।

সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির পক্ষ থেকে বলা হয়, উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম তার গতিশীল নেতৃত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছেন।

বক্তারা আরও বলেন, চুয়েটের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখা এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের চলমান ধারা অব্যাহত রাখার স্বার্থে বর্তমান পরিস্থিতির দ্রুত সমাধান প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষের কাছে শিক্ষকদের দাবিগুলো তুলে ধরতে স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়া চলমান পরিস্থিতির সমাধান এবং শিক্ষকদের দাবিগুলো শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরার চিন্তাভাবনা করা হচ্ছে বলেও জানানো হয়। পাশাপাশি আগামী রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ধর্মঘট ও কর্মবিরতি পালন করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা। অল্প সময়ের মধ্যে সরকার বিষয়টির সুরাহা না করলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্যের পদ থেকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল ইসলামকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা নতুন উপাচার্যের নিয়োগ বাতিল করে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানান।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম