Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

রাস্তা নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত শতাধিক

Advertisement

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পিএম

রাস্তা নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত শতাধিক

Advertisement

ছাতকে চরমহল্লা ইউনিয়নের চাঁনপুর গ্রামে কাপনা নদীর বাঁধ নির্মাণকে কেন্দ্র করে গ্রামের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে শতাধিক লোক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গোটা এলাকা রণক্ষেত্রে রূপ নেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাতকের চাঁনপুর গ্রামের বাসিন্দা আব্দুল মালিকের পুত্র সাবেক মেম্বার কমর উদ্দিন এবং মশক আলীর পুত্র রুশমত আলী পক্ষের লোকজনের মধ্যে পূর্ব বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে এক পক্ষ চাঁনপুর গ্রামের কাপনা চলতি নদীতে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করতে গেলে অন্যপক্ষ তাতে বাধা দেয়। 

এর জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও ইট-পাটকেল নিয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে রবি আলী, জালু মিয়া, ইসলাম উদ্দিন, মুজিবুর রহমান, ময়নুল হক, আব্দুল আজিদ, ইকবাল হোসেন, নজরুল হক,  তোফাজ্জল হোসেন, আবুল বশর, তোফায়েল আহমেদ সুয়েব আহমদ, এমদাদুল ইসলাম, রাজ উদ্দিন, আঙ্গুর আলম, সাজু উদ্দিন, মুজাম্মিল আলী, হেলাল মিয়া, তারিছ মিয়া, ফারুক মিয়া, সৈয়দ আহমদসহ গুরুতর আহত ৩০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের কৈতক হাসপাতাল ও আশপাশের হাসপাতালগুলোতে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

সংঘর্ষের খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে উক্ত এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

মারামারির ঘটনার সত্যতা স্বীকার করে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের  ইনচার্জ মোস্তফা কামাল বলেন, গ্রামের দুইপক্ষের মধ্যে বাঁধ নির্মাণ নিয়ে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ব্যাপারে অভিযোগের ভিত্তিতে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম