এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ, ২০ লাখ টাকায় বিক্রি
Advertisement
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম
ইলিশ
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াসংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারে একসঙ্গেই ধরা পড়েছে প্রায় ৬০ মণ ইলিশ। পরে ঘাটের একটি আড়তে তিন ধাপে নিলামের মাধ্যমে মাছগুলো প্রায় ২০ লাখ টাকায় বিক্রি করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মাছভর্তি ট্রলারটি উপজেলার চেয়ারম্যান ঘাটে পৌঁছলে মৎস্য ব্যবসায়ী ও জেলেদের মধ্যে ব্যাপক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
মৎস্য সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাতিয়ার জেলে আব্দুর রহিম মাঝি ১৮ জন মাঝি-মাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। সাগরে টানা ছয় দিন জাল ফেলার পর তাদের জালে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে।
বৃহস্পতিবার সকালে ইলিশ নিয়ে ট্রলারটি চেয়ারম্যান ঘাটের ‘সাইফুল মৎস্য আড়তে’ ভেড়ে। বিপুল পরিমাণ মাছের কারণে দুপুর পর্যন্ত চলা তিন ধাপের উন্মুক্ত নিলামে স্থানীয় পাইকার ও মৎস্য ব্যবসায়ীরা প্রতিযোগিতা করে মাছগুলো কিনে নেন।
ট্রলারের প্রধান মাঝি আব্দুর রহিম সন্তোষ প্রকাশ করে বলেন, টানা ছয় দিন সাগরে থাকার পর কাঙ্ক্ষিত ইলিশ পেয়েছি। দীর্ঘদিনের শ্রম ও ট্রলারের জ্বালানি খরচ বাদ দিয়েও ভালো লাভের মুখ দেখব। এত মাছ পেয়ে মাঝি-মাল্লা সবার মুখে হাসি ফুটেছে।
সাইফুল মৎস্য আড়তের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম জানান, সকালে ট্রলারটি ঘাটে ভেড়ার পর বিপুল পরিমাণ তাজা ইলিশ দেখতে ভিড় জমে যায়। পরে আকার অনুযায়ী তিন ধাপে নিলাম তোলা হয়। সব মিলিয়ে প্রায় ৬০ মণ ইলিশ ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে। চলতি মৌসুমে একসঙ্গে এত মাছ ঘাটে আসায় ব্যবসায়ীদের মধ্যেও স্বস্তি এসেছে।
চেয়ারম্যান ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. আকবর হোসেন বলেন, একসঙ্গে এক ট্রলারে ৬০ মণ মাছ আসার খবর পুরো ঘাটেই প্রাণচাঞ্চল্য ফিরিয়েছে। সাগরে ইলিশের এমন উপস্থিতি অব্যাহত থাকলে স্থানীয় বাজারে সরবরাহ বাড়বে এবং ব্যবসায়ী ও জেলে উভয়েই লাভবান হবেন।
নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ জানান, বর্তমানে বঙ্গোপসাগরের অনুকূল পরিবেশ থাকায় ইলিশের প্রাপ্যতা বেশ ভালো এবং জেলেরা কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন। একটি ট্রলারে ৬০ মণ ইলিশ ধরা পড়া অত্যন্ত ইতিবাচক খবর। তবে ইলিশ সম্পদের টেকসই উৎপাদন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে সব জেলেকে নির্ধারিত নিয়ম মেনে চলার পাশাপাশি জাটকা নিধন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
