প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, শিক্ষক-অফিস সহায়ককে অব্যাহতি
Advertisement
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করায় একজন শিক্ষক ও অফিস সহকারীকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম শিক্ষক ও অফিস সহায়ককে অব্যাহতি দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা সদরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক জুয়েল তালুকদার ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেয় এবং এতে অফিস সহকারী মো. সুমন আপত্তিকর কমেন্ট করায় তাদের বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়।
বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, নিয়মশৃঙ্খলা বহির্ভূতভাবে বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম প্রধান শিক্ষক ও অফিস সহায়ক পালন করছেন। এতে শিক্ষকদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়ের সহকারী শিক্ষককে নিয়ে বিভিন্ন পরিচালনা করা এবং আগামী দিনের মধ্যে বিদ্যালয়ের সব হিসাব-নিকাশ প্রদান করার মৌখিক নির্দেশ প্রদান করেছেন।
মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তি করা ফেসবুকের পোস্টগুলো আমাকে দেখানো হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক নির্দেশে তাদের সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাকির হোসেন বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে তার ফেসবুক আইডিতে পোস্ট করেছেন আর অফিস সহায়ক ওই ফেসবুকে আপত্তিকর কমেন্টস করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম জানান, আপত্তিকর পোস্টের বিষয়টি আমি অবগত হয়েছি। শিক্ষককে শ্রেণি কার্যক্রম থেকে অব্যাহতি এবং বিতর্কিত কর্মকাণ্ড করায় অফিস সহকারী সুমনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এই দুজনের কর্মকাণ্ডের সঠিক তদন্ত করার জন্য উপজেলা মাধ্যমিক, সমাজসেবা ও প্রাথমিক শিক্ষা অফিসারসহ ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
