গৃহবধূকে গণধর্ষণের পর শরীরে মরিচের গুঁড়ো ছেটানোর অভিযোগ
Advertisement
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ এএম
|
ফলো করুন |
|
|---|---|
মানিকগঞ্জের সিংগাইরে এক গৃহবধূকে গণধর্ষণের পর সারা শরীরে মরিচের গুঁড়ো ছেটানো ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় অজ্ঞাত পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের জৈল্যা গ্রামে এই ঘটনা ঘটে।
গণধর্ষণের শিকার ওই গৃহবধূর মুখ চেপে ধরে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের পর তার চোখ-মুখ ও সারা শরীরে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে অজ্ঞাত পাঁচজনকে আসামি করে সিংগাইর থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের জৈল্যা গ্রামের ওই গৃহবধূ রাতে তার শয়নকক্ষ থেকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়। প্রকৃতি কাজ সেরে টয়লেট থেকে বের হওয়ার পর ওঁৎ পেতে থাকা পাঁচজন মুখোশধারী তার মুখ চেপে ধরে জোরপূর্বক বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে পার্শ্ববর্তী মোস্তফার কৃষিজমির সেচপাম্পসংলগ্ন ড্রেনের দিকে নিয়ে যায়। এ সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে পালাক্রমে ধর্ষণ করা হয়। প্রায় এক ঘণ্টা পর অভিযুক্তরা কাপড় ও ওড়না দিয়ে তার হাত-পা বেঁধে পাশের একটি জমির আইলে ফেলে রেখে যায়। যাওয়ার সময় তার চোখ, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়। পরে গৃহবধূর চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। তারা হাত-পায়ের বাঁধন খুলে পানি দিয়ে শরীর থেকে মরিচের গুঁড়া পরিষ্কার করেন। পরে তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, অভিযুক্তদের বয়স আনুমানিক ১৫ থেকে ২৫ বছরের মধ্যে। তারা স্থানীয় ভাষায় কথা বলছিল।
এ বিষয়ে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ বলেন, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
