শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০
Advertisement
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম
মাদারীপুরের শিবচরে দুই বাসের সংঘর্ষ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চর বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খুলনা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল পালকী পরিবহণের একটি বাস। পাঁচ্চর বাখরেরকান্দি এলাকায় এসে বাসটির চাকা বিকল হয়ে যায়। চালক বাসটি এক্সপ্রেসওয়ের পাশে থামিয়ে রাখেন।
এ সময় বরিশাল থেকে ঢাকাগামী দ্রুতগতির হানিফ পরিবহণের একটি বাস পেছন থেকে বিকল বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নিহতদের মধ্যে পালকী পরিবহণের চালকের সহকারী এবং হানিফ পরিবহণের দুই যাত্রী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর সরদার বলেন, চাকা পাংচার হওয়ায় পালকী পরিবহণের বাসটি এক্সপ্রেসওয়েতে পার্কিং করে রাখা হয়েছিল। এ সময় হানিফ পরিবহণের বাসটি সামনে থাকা বিকল বাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক মুনতাসির রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। বিকাল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

-6ab6562652f25.jpg)