লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ
Advertisement
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম
লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। ঘটনার প্রায় তিন ঘণ্টা পর চাঁদপুর বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে এখনো নিখোঁজ যুবকের পরিচয় বা সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবুল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নেমে নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে ফের নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হলে তিনি ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করেন। এ সময় নদীতে পড়ে নিখোঁজ হন।
ঘটনার পর মুকবুল-২ লঞ্চটি মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি ও এর দুই স্টাফকে আটক করেন বলে জানান ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।
স্থানীয় বাসিন্দা সৈকত বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে। নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।
বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌপুলিশ, মোহনপুর নৌপুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।
এদিকে ঘটনার প্রায় ৪৫ মিনিট পর বেলা ১১টা ৪৫ মিনিটে খবর পায় চাঁদপুর নদী ফায়ার সার্ভিস। আবহাওয়া ও নদীর পরিস্থিতির কারণে সড়কপথে ঘটনাস্থলের দিকে রওনা হয় ফায়ার সার্ভিসের দল। প্রায় তিন ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, বেলা ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পাই। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।
চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, ঘটনাস্থলে চারজন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে। নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলেছেন তিনি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
