কুমিল্লায় সাহসিকতার বিপিএম পদক পেলেন ডিবির এসআই অর্ণব
Advertisement
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় সাহসিকতার বিপিএম পদক পেয়েছেন ডিবির এসআই অর্ণব বড়ুয়া। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইন্সে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার হাতে পদক তুলে দেন। ৫৩ জন দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার, বহু অস্ত্রশস্ত্র উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ধর্ষণ মাদক ডাকাতি মামলার রহস্য উদঘাটনে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের জন্য তিনি এ পদক লাভ করেন।
গত বছরের ১৮ জুলাই থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধারাবাহিক অভিযানে ডিবির এসআই (নিরস্ত্র) অর্ণব বড়ুয়ার নেতৃত্বে অন্তত ৫৩ জন ডাকাত গ্রেফতারসহ বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।
জেলা ডিবি জানায়, দেবিদ্বার, চান্দিনা, দাউদকান্দি, তিতাস ও সদর দক্ষিণ থানা এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব ডাকাতদের গ্রেফতার করা হয়। অভিযান চলাকালে ডাকাতদের কাছ থেকে বেশ কিছু বিদেশি পিস্তল, রিভলবার, দেশীয় এলজি, কার্তুজ, রামদা, চাপাতি, ছুরি, কোড়াবারি এবং ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক, পিকআপ, সিএনজি ও হাইয়েস গাড়ি জব্দ করা হয়।
এসব গ্রেফতারকৃত আসামীদের তথ্যের ভিত্তিতে কুমিল্লা ছাড়াও নোয়াখালী ও ফেনী জেলার অন্তত ডজনখানেক চুরি ও ডাকাতি মামলার রহস্য উন্মোচিত হয়েছে। পাশাপাশি সুধারাম থানার আলোচিত স্বর্ণের দোকান চুরির ঘটনায় ৩ আসামীকে গ্রেফতারসহ ৯ ভরি ৭ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।
এ ছাড়াও জেলায় ঘটে যাওয়া একাধিক আলোচিত ক্লুলেস হত্যা মামলার দ্রুত রহস্য উদঘাটন করেছে অর্ণব বড়ুয়া সঙ্গীয় ফোর্স। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আলোচিত ক্লুলেস মা-মেয়ে হত্যা মামলা (২৪ ঘণ্টার মধ্যে আসামী গ্রেফতার), বুড়িচংয়ের আলোচিত কলেজছাত্র তুহিন হত্যা মামলা, সদর দক্ষিণ এলাকার কিশোর গ্যাং কর্তৃক হত্যাকাণ্ড এবং মনোহরগঞ্জের আলোচিত ক্লুলেস আলাউদ্দিন হত্যা মামলার আসামী গ্রেফতার ও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ নিশ্চিত করা হয়েছে। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনেও সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিংয়ের মাধ্যমে এক আসামীকে গ্রেফতার করা হয়।
একই সঙ্গে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশ ২৩৮ কেজি গাঁজা, ১ লাখ ৪৭ হাজার ২৪০ পিস ইয়াবা, ৬২৫ বোতল ফেনসিডিল, ৫০ বোতল মদ এবং ২৪ বোতল বিয়ার উদ্ধার করেছে। এসব মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান, পিকআপ, প্রাইভেটকার, বাস ও মোটরসাইকেল জব্দ করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, এসআই অর্ণব বড়ুয়া একজন পেশাদার দক্ষ এবং সাহসী অফিসার। তার বিপিএম পদক অর্জনে আমরা গর্বিত।
