ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
Advertisement
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ও চঁদপুর জেলা কৃষকলীগের সাবেক যুগ্মআহ্বায়ক এবং বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদকে (৫০) গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের ইচলি চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের হাজী বাড়ীর মীর হোসেনের ছেলে। তিনি ওই ইউনিয়ন থেকে টানা দুইবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
একটি সূত্র জানায়, রোববার রাতে ইউপি চেয়ারম্যান এইচ এম হারুনুর রশীদের কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন করা হয় বলে এমন তথ্য পুলিশ জানতে পারে। এই সংবাদ পাওয়ার পর থানা পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজে। পরবর্তীতে চাঁদপুর থেকে ফরিদগঞ্জে আসার পথে তিনি আটক হন।
পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশনায় পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইচলি চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে। পরবর্তীতে ফরিদগঞ্জ থানায় দায়ের হওয়া সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেআইনি তৎপরতা ও নাশকতা প্রতিরোধে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এইচ এম হারুনুর রশীদকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
