মেধাতালিকায় দ্বিতীয় হয়েও চাকরি অনিশ্চিত ক্লীন্টনের
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪০ পিএম
ক্লীন্টন সাহা। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ছাত্রজীবনে তুখোড় মেধাবী ছিলেন ক্লীন্টন সাহা। চাকরির পরীক্ষাতেও রেখেছেন মেধার স্বাক্ষর। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মেধাতালিকায় দ্বিতীয় হয়েছেন তিনি। কিন্তু গোয়েন্দা প্রতিবেদনে তার স্থায়ী ও বর্তমান ঠিকানা সঠিক না পাওয়ায় এখনো নিয়োগপত্র পাননি তিনি।
ক্লীন্টন সাহার বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী এলাকায় বসবাস করছেন। তবে তার ঠিকানা নিয়ে ভিন্ন তথ্য পেয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা বলছেন, গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে ক্লীন্টন সাহার স্থায়ী ও বর্তমান—দুটো ঠিকানাই সঠিক পাওয়া যায়নি। এ কারণে তাকে নিয়োগপত্র দেওয়া সম্ভব হচ্ছে না।
ক্লীন্টনের পরিবার সূত্রে জানা গেছে, ২০০৫ সালে তিনি খুব ছোট থাকা অবস্থায় নদীভাঙনের কারণে তাদের পরিবার নোয়াখালীর হাতিয়া থেকে চট্টগ্রামে চলে আসে। তাদের বসতবাড়ি প্রায় সাতবার নদীতে বিলীন হয়েছে। চট্টগ্রামে এসে তার বাবা ছোটখাটো ব্যবসা শুরু করেন।
ক্লীন্টন সাহা চাকরির পরীক্ষায় মেধাতালিকায় দ্বিতীয় হলেও ঠিকানা-সংক্রান্ত জটিলতার কারণে নিয়োগপ্রক্রিয়া আটকে গেছে। এতে তার পরিবার ও স্বজনদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহাম্মদ যুগান্তরকে বলেন, ক্লীন্টন মেধাবী ছাত্র। তাকে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দিতে পারা আমাদের জন্যও সৌভাগ্যের বিষয়। কিন্তু প্রচলিত নিয়ম ও নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে ক্লীন্টনের বর্তমান ও স্থায়ী ঠিকানা সঠিক পাওয়া যায়নি। এ অবস্থায় তাকে নিয়োগ দেওয়া হলে সংশ্লিষ্ট কর্মকর্তারাও জটিলতায় পড়তে পারেন। বিষয়টি জানিয়ে ঢাকায় চিঠি পাঠানো হয়েছে। অধিদপ্তর থেকে যে নির্দেশনা দেওয়া হবে, সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

