ময়মনসিংহে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু
Advertisement
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহে অস্বাভাবিক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে বাড়ছে মৃত্যুও।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরও তিন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে। মৃতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে হারিছা বেগম নামে ৬৫ বছর বয়সি এক বৃদ্ধা রয়েছেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। তিনি ৮ অক্টোবর ভোরে হাসপাতালে ভর্তি হন। ওইদিন সকালে তার মৃত্যু হয়।
অন্যজন ৪৫ বছর বয়সি মিনহাজ। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইলে। তিনি গত ৭ অক্টোবর বিকালে হাসপাতালে ভর্তি হন এবং ৮ অক্টোবর বিকালে আইসিইউতে তার মৃত্যু হয়।
মৃত্যুবরণকারী আরেকজন ৪৫ বছর বয়সি মরিয়ম। তিনি টাঙ্গাইলের ধনবাড়ি থেকে গত ৮ অক্টোবর সকালে হাসপাতালে ভর্তি হওয়ার পর রাতে আইসিইউতে তার মৃত্যু হয়। তবে তাদের ডেঙ্গু ছাড়াও অন্যান্য জটিল রোগ ছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ৫১ জন। ছুটি পেয়েছে ৫৭ জন। বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ১২৭ জন রোগী ভর্তি রয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৩ হাজার ৫১২ জন।
