স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে স্বামী হেলাল উদ্দিনকে হত্যার মামলায় স্ত্রী হোসনে আরা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১১ এর বিচারক নিষ্কৃতি হাগিদক এ রায় দেন।
দণ্ডিত হোসনে আরা বেগম নগরীর কোতোয়ালি থানাধীন লাভলেন ঝাউতলা এলাকার মৃত হেলাল উদ্দিনের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।
তিনি জানান, স্বামী হেলাল উদ্দিনকে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় স্ত্রী হোসনে আরা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৯ মে নগরীর এনায়েত বাজার বাটালী রোডের জাফর সওদাগরের কলোনিতে ভাড়া বাসায় হেলাল উদ্দিনের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ হয়। একপর্যায়ে হোসনে আরা বেগম স্বামীর মাথায় অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে স্বামীর মৃত্যু হলে ঘরের বাইরে তালা লাগিয়ে তিনি আত্মগোপন করেন। পুলিশ লাশ উদ্ধার করে স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে ২০১০ সালের ১৪ মার্চ অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় আট জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।
