চিহ্নিত মাদক কারবারির সঙ্গে গভীর রাতে পুলিশের ‘বৈঠক’
Advertisement
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পিএম
চিহ্নিত মাদক কারবারির সঙ্গে গভীর রাতে পুলিশের ‘বৈঠক’
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের বাঁশখালীতে গভীর রাতে চিহ্নিত এক মাদক কারবারির সঙ্গে পুলিশের ‘গোপন বৈঠকের’ সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, কালীপুর ইউনিয়নের চিহ্নিত মাদক কারবারি জাহাঙ্গীর আলমের সঙ্গে গুনাগরি খাসমহল এলাকার একটি খাবারের হোটেলে গভীর রাতে বৈঠকটি হয়।
হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাঁশখালী থানার এএসআই আলমগীর হোসেনসহ তিন পুলিশ সদস্য সেখানে খাবার খাচ্ছেন এবং মাদক কারবারি জাহাঙ্গীর আলম তাদের বিল পরিশোধ করছেন।
এ বিষয়ে জানতে চাইলে এএসআই আলমগীর হোসেন বলেন, জাহাঙ্গীর আলম থানায় আর্থিক লেনদেন সংক্রান্ত একটি অভিযোগ দিয়েছিলেন, যার তদন্তের দায়িত্বে আমি ছিলাম। তদন্তের কাজে সকালে দেখা করার কথা থাকলেও পরদিন শহরে যাওয়ার কথা থাকায় রাতেই দেখা করি। থানায় নতুন আসায় তিনি যে মাদক কারবারি, তা আমার জানা ছিল না। রাতে দেখা করাটা আমার ভুল হয়েছে। খাবারের বিল আমি দিতে চাইলেও তিনি জোর করে দিয়ে দেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক যুগান্তরকে জানান, জাহাঙ্গীর আলম চিহ্নিত মাদক কারবারি—এটি সত্য। তবে থানায় আর্থিক লেনদেন সংক্রান্ত তার একটি অভিযোগ রয়েছে। সেই অভিযোগের তদন্তের কাজেই পুলিশ তার সঙ্গে কথা বলতে গিয়েছিল। সবারই তো আইনি প্রতিকার পাওয়ার অধিকার রয়েছে। তবে এত গভীর রাতে কেন পুলিশ দেখা করতে গেল, সেটির ব্যাখ্যা সংশ্লিষ্ট কর্মকর্তারাই দিতে পারবেন।
