৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ
Advertisement
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মমতাজ বেগম নামে ৬০ বছরের এক বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের পাশে তিনলাখপীর এলাকায় একটি ইটভাটার পাশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা গ্রামের কাজল খন্দকারের বাড়িতে বিগত ২০ বছর ধরে বসবাস করে এলাকায় ভিক্ষাবৃত্তি করে আসছেন মমতাজ বেগম। প্রতিদিনের মতো শুক্রবার ভোর ৫টার দিকে তিনি ভিক্ষা করতে বাড়ি থেকে বের হন। তিনি প্রায় দুই কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের পাশে কসবা উপজেলার তিনলাখপীর এলাকার একটি ইটভাটার কাছে পৌঁছলে কাজল খন্দকারের চাচাতো ভাই রিয়াজ খন্দকার তাকে জোরপূর্বক পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান বলে অভিযোগ ভুক্তভোগীর।
ঘটনার পর বৃদ্ধা মমতাজ বেগম অসুস্থ হয়ে পড়লে কাজল খন্দকার ও তার স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন রিয়াজ খন্দকার। তার দাবি, চাচাতো ভাই কাজলসহ অন্য শরিকদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। সেই পারিবারিক দ্বন্দ্ব ও শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে এ ধর্ষণের নাটক সাজানো হয়েছে।
তিনি আরও জানান, কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে এখনো অসুস্থ। এটি তাকে ফাঁসাতে চাচাতো ভাইদের একটি স্পষ্ট ষড়যন্ত্র।
এ বিষয়ে আখাউড়া উপজেলার ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. আলাউদ্দিন যুগান্তরকে বলেন, ওই বৃদ্ধা কাজল খন্দকারের বাড়িতে আশ্রিত থেকে ভিক্ষাবৃত্তি করেন। রিয়াজ খন্দকারের বাড়িও পাশাপাশি। তবে এত ভোরে অত দূরে গিয়ে কিভাবে এমন ঘটনা ঘটল—তা রহস্যজনক। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি, তবে ঘটনাটির বিষয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে।
