বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকলে সবাই নিজ ধর্ম পালনের অধিকার পায়: কৃষিমন্ত্রী
Advertisement
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পিএম
কালীর বাজার কুমারপুকুরপাড় দুর্গামণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
|
ফলো করুন |
|
|---|---|
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ অধিকার নিয়ে থাকতে পারে। বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, ততবারই সব ধর্মের মানুষের সমান অধিকারের বিষয়টিকে গুরুত্ব দিয়েছে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও বাংলাদেশের নাগরিক হিসেবে সবার পরিচয় এক। দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার সমান।
শনিবার (১৭ অক্টোবর) কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালীর বাজার কুমারপুকুরপাড় দুর্গামণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের বৈধ নাগরিক হিসেবে প্রত্যেকের সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দল হিসেবে বিএনপি ধর্মীয় গোঁড়ামিতে বিশ্বাস করে না। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে ছোট করে দেখার সুযোগ নেই।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, কোনো গোষ্ঠী যেন আপনাদের মধ্যে হীনম্মন্যতা বা বৈষম্যের অনুভূতি তৈরি করতে না পারে, সে জন্য সজাগ থাকতে হবে। আপনারা এ দেশের নাগরিক এবং দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। এই বিশ্বাস শুধু কথায় নয়, নিজেদের চিন্তা-চেতনা ও আচরণেও ধারণ করতে হবে। তাহলেই আমরা সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিতে পারব।
দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, পূজামণ্ডপে দৃশ্যমান নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি সাদাপোশাকে দায়িত্ব পালন করছেন আরও সরকারি কর্মকর্তা। সবার সম্মিলিত প্রচেষ্টায় পূজা উদ্যাপন আনন্দময়, নির্বিঘ্ন ও নিরাপদ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, সরকার এমন একটি পরিবেশ প্রতিষ্ঠা করতে চায়, যেখানে ধর্মীয় উৎসব উদ্যাপনে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে না। ভবিষ্যতে সনাতন ধর্মাবলম্বীরা নিজেরাই যেন বলতে পারেন, তাদের পূজা উদ্যাপনে নিরাপত্তার জন্য বিশেষভাবে পাহারার প্রয়োজন হচ্ছে না—এমন স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব তালুকদার, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কায়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি হাজী আনোয়ারুল হক এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

-6ad3496512202.jpg)