Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দেশের অন্যতম পর্যটন নগরী হবে দুর্গাপুর: ডেপুটি স্পিকার

Advertisement

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পিএম

দেশের অন্যতম পর্যটন নগরী হবে দুর্গাপুর: ডেপুটি স্পিকার

দুর্গাপুর উপজেলার পর্যটন সম্ভাবনাময় বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এলাকাগুলো পরিদর্শন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

Advertisement

প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দাকে আনুষ্ঠানিকভাবে পর্যটন নগরী হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। বছরের পর বছর ধরে এ অঞ্চলের মানুষের লালিত স্বপ্ন বাস্তবায়নে এবার কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেছেন, শুধু মুখে মুখে পর্যটন নগরী বললেই হবে না, সরকারি কাগজপত্রেও এর স্বীকৃতি নিশ্চিত করতে হবে। পরিকল্পিত উন্নয়ন ও বাস্তব পদক্ষেপের মাধ্যমে দুর্গাপুর-কলমাকান্দাকে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে চান তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুর্গাপুর উপজেলার পর্যটন সম্ভাবনাময় বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এলাকাগুলো পরিদর্শনকালে এসব কথা বলেন ডেপুটি স্পিকার।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দুর্গাপুরকে দীর্ঘদিন ধরে পর্যটন নগরী হিসেবে পরিচিতি দেওয়া হলেও সরকারি নথিপত্রে এখনো আনুষ্ঠানিকভাবে পর্যটন এলাকা হিসেবে স্বীকৃতি প্রতিষ্ঠিত হয়নি। অতীতে এ অঞ্চলের বিভিন্ন জায়গা পাথর, বালু ও মাটি উত্তোলনের জন্য ইজারা দেওয়া হয়েছে। এখন সেই পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ এবং পরিকল্পিত পর্যটনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে ইতোমধ্যে পর্যটনমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। মন্ত্রী শিগগিরই দুর্গাপুর এলাকা পরিদর্শন করবেন। তার আগে পর্যটন মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল এসে এলাকার পর্যটন সম্ভাবনা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিয়ে সম্ভাব্যতা যাচাই করবে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে এলাকার ওপর থেকে ধারণ করা দৃশ্য বা এরিয়াল ভিউ সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এসব তথ্য পর্যটন করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, যাতে পরবর্তী সময়ে প্রয়োজনীয় পরিকল্পনা ও প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়া যায়।

ডেপুটি স্পিকার বলেন, আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। কাজের মাধ্যমে দেখাতে চাই। এই অঞ্চলের মানুষ বছরের পর বছর ধরে পর্যটন নগরীর যে প্রত্যাশা করে আসছেন, তা বাস্তবায়নের উদ্যোগ আজ থেকেই শুরু হলো। এলাকার সকল উন্নয়নমুলক কাজগুলো বাস্তবায়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

দুর্গাপুর ও কলমাকান্দাকে আনুষ্ঠানিকভাবে পর্যটন এলাকা হিসেবে প্রতিষ্ঠা করতে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগতে পারে। তবে শীত মৌসুমে এ অঞ্চলে বিপুলসংখ্যক পর্যটকের সমাগম ঘটে। তাদের নিরাপত্তা ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পর্যটন পুলিশের ব্যবস্থা করার চেষ্টা করা হবে।

প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দুর্গাপুরের নীলাভ পানি আর সাদা চিনামাটির পাহাড়ের অপূর্ব মেলবন্ধন এ অঞ্চলের অন্যতম প্রধান আকর্ষণ। পাহাড়, নদী ও প্রকৃতির এই অনন্য সৌন্দর্য দেখতে প্রতিবছর দূরদূরান্ত থেকে পর্যটকেরা ছুটে আসেন। কিন্তু অপরিকল্পিতভাবে ঘরবাড়ি ও ছাউনি নির্মাণের কারণে কোথাও কোথাও প্রাকৃতিক সৌন্দর্য ব্যাহত হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, পর্যটনকেন্দ্র গড়ে তোলার পাশাপাশি এর সুষ্ঠু রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; পর্যটন এলাকার সৌন্দর্য ধরে রাখতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

দুর্গাপুর ও কলমাকান্দার পর্যটন সম্ভাবনার কথা তুলে তিনি বলেন, চিনামাটির পাহাড়, গারো পাহাড়, সোমেশ্বরী নদীর স্বচ্ছ নীলাভ পানি এবং পাহাড় ও সমতলের অপূর্ব মিতালি এ অঞ্চলকে দিয়েছে স্বতন্ত্র প্রাকৃতিক বৈশিষ্ট্য। সঠিক পরিকল্পনা, উন্নত যোগাযোগব্যবস্থা, পর্যটকবান্ধব অবকাঠামো এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে এ অঞ্চলের সৌন্দর্য দেশজুড়ে এমনকি আন্তর্জাতিক পর্যায়েও তুলে ধরা সম্ভব।

তিনি আরও বলেন, দুর্গাপুর-কলমাকান্দাকে পর্যটনকেন্দ্রিক পরিকল্পনার আওতায় এনে আনুষ্ঠানিকভাবে পর্যটন এলাকা হিসেবে প্রতিষ্ঠা করা গেলে এ অঞ্চলে বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ব্যবসার প্রসার এবং পর্যটনসংশ্লিষ্ট অর্থনৈতিক কর্মকান্ড বাড়বে। এর সুফল ভোগ করতে পারবেন স্থানীয় জনগণও।

দীর্ঘদিন ধরে অবহেলিত এ অঞ্চলের বিপুল পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুর্গাপুর-কলমাকান্দাকে একটি পরিকল্পিত, পরিবেশবান্ধব ও আদর্শ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রত্যয় ব্যক্ত করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ উদ্যোগ বাস্তবায়নে তিনি স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, প্রশাসন ও সংশ্লিষ্ট সব মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ক্রেন’ দিয়ে চা-বিস্কুট পরিবেশন করেন নেত্রকোনার হাতেম

‘ক্রেন’ দিয়ে চা-বিস্কুট পরিবেশন করেন নেত্রকোনার হাতেম

কখনো মুচি, কখনো ফেরিওয়ালা —ছদ্মবেশে অপরাধের খবর সংগ্রহ করতেন সাংবাদিক আলিফ

কখনো মুচি, কখনো ফেরিওয়ালা —ছদ্মবেশে অপরাধের খবর সংগ্রহ করতেন সাংবাদিক আলিফ

ধর্মীয় উৎসব শিশুদের নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয়: ডেপুটি স্পিকার

ধর্মীয় উৎসব শিশুদের নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয়: ডেপুটি স্পিকার

সাংবাদিক আলিফের পরিবারের পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার

সাংবাদিক আলিফের পরিবারের পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার

সাংবাদিক আলিফ হত্যার বিচার ১৫ দিনের মধ্যে নিশ্চিতের দাবিতে মানববন্ধন

সাংবাদিক আলিফ হত্যার বিচার ১৫ দিনের মধ্যে নিশ্চিতের দাবিতে মানববন্ধন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান কর্মসূচি

প্রত্যেক ধর্মই সঠিক পথে চলার শিক্ষা দেয়: প্রতিমন্ত্রী ড. ফরিদ

প্রত্যেক ধর্মই সঠিক পথে চলার শিক্ষা দেয়: প্রতিমন্ত্রী ড. ফরিদ

মাঝে মসজিদ, দুই পাশে মণ্ডপ, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

মাঝে মসজিদ, দুই পাশে মণ্ডপ, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

জেলেদের মানবিক সহায়তার চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ

জেলেদের মানবিক সহায়তার চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম