দুর্গাপূজার নিরাপত্তায় ৩৫শ কোস্টগার্ড নিয়োজিত: মহাপরিচালক
Advertisement
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:২৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
হিন্দু ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান এ কথা বলেছেন।
তিনি জানান, দুর্গাপূজার নিরাপত্তায় দেশজুড়ে কোস্টগার্ডের ৩ হাজার ৫০০ সদস্য নিয়োজিত রয়েছেন। প্রতিমা বিসর্জন ঘিরে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বিশেষ ডুবুরি দল।
মঙ্গলবার বিকালে মোংলার শেলাবুনিয়ায় বটতলা কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
মহাপরিচালক বলেন, উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ড দায়িত্ব পালন করছে। এর ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয়, পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি জানান, কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার উপকূলীয় এলাকায় ১৪৪টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় সদস্যরা কাজ করছেন। পূজার শুরু থেকেই এ কার্যক্রম চলছে, যাতে ধর্মীয় উৎসব ঘিরে কেউ কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।
প্রতিমা বিসর্জন প্রসঙ্গে রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান বলেন, বিসর্জনের সময় নদী ও জলাশয়ে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে। এ সময় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আনন্দঘন পরিবেশে উৎসব শেষ করতে নিরাপত্তাবিধি মেনে চলা জরুরি।
কোস্টগার্ডের মহাপরিচালক আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সর্বসাধারণের সহযোগিতায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে শেষ হবে।
