মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার
Advertisement
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পিএম
অভিযুক্ত শিক্ষক সাঈদ হোসেন ওরফে নান্নু
|
ফলো করুন |
|
|---|---|
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ৯ বছর বয়সি এক মাদ্রাসাছাত্রীকে অফিস কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত শিক্ষক মো. সাঈদ হোসেন ওরফে নান্নুকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে অভিযুক্ত শিক্ষক মো. সাঈদ হোসেন ওরফে নান্নুকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে গত সোমবার (১৯ অক্টোবর) দৌলতপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করার পর মঙ্গলবার রাত ১১টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শিক্ষক সাঈদ হোসেন নান্নু উপজেলার ১নং প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ‘দারুল আবরার মাদ্রাসার’ শিক্ষক এবং একই এলাকার মৃত আফফান ডাক্তারের ছেলে।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ওই মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী। গত ১৪ অক্টোবর দুপুর আনুমানিক ২টার দিকে প্রতিদিনের মতো সে মাদ্রাসায় পড়তে যায়। অভিযোগ করা হয়েছে, এ সময় শিক্ষক সাঈদ হোসেন নান্নু প্রলোভন দেখিয়ে মাদ্রাসা ভবনের অফিস কক্ষে শিশুটিকে ডেকে নেন। এরপর ঘরের দরজার ছিটকানি লাগিয়ে দিয়ে তার ওপর জোরপূর্বক শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালান।
এ সময় শিশুটির চিৎকারে তার সহপাঠী ও স্থানীয় কয়েকজন এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক অফিস কক্ষ থেকে দৌড়ে পালিয়ে যান। পরবর্তীতে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের কাছে শিশুটি পুরো ঘটনাটি খুলে বলে। লোকলজ্জা ও আত্মীয়-সংক্রান্ত সামাজিক আলোচনার কারণে থানায় এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে ভুক্তভোগীর পরিবার এজাহারে উল্লেখ করেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদুর রহমান জানান, এজাহার দায়েরের পর পুলিশ তৎপরতা চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
