পুলিশ দখলমুক্ত করার এক ঘণ্টা পর ফের দখলের অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে
Advertisement
যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বরগুনার আমতলীতে মোহাম্মদপুর মাহমুদিয়া দাখিল মাদ্রাসার একটি স্টল পুলিশ দখলমুক্ত করার এক ঘণ্টা পর আবারও দখল করার অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান সরদারের বিরুদ্ধে।
শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্টলের তালা খুলে দেয়। মাদ্রাসা সুপার মাওলানা আবু তাহেরের অভিযোগ, পুলিশ চলে যাওয়ার এক ঘণ্টা পর শাহজাহান সরদার আবারও স্টলটি দখল করে সেখানে মালামাল রাখেন।
জানা গেছে, ২০১০ সালে আমতলী উপজেলার মোহাম্মদপুর মাহমুদিয়া দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসার জমিতে মানিকঝুড়ি স্ট্যান্ডে সাতটি স্টল নির্মাণ করে। পরে স্টলগুলো ভাড়া দেওয়া হয়। এর মধ্যে মাদ্রাসা ভবনের সামনে একটি স্টল গত ১ আগস্ট ব্যবসায়ী মো. সফিকুল ইসলাম রিপন তালুকদারকে ভাড়া দেওয়া হয়। সেখানে তিনি পশু ও মাছের খাদ্য বিক্রি করতেন।
অভিযোগ রয়েছে, গত বুধবার রাতে আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. জসিম উদ্দিন হাওলাদারের নির্দেশে শাহজাহান সরদার জোরপূর্বক স্টলটি দখলের উদ্দেশ্যে তালা লাগিয়ে দেন। এতে ব্যবসায়ী রিপন তালুকদারের প্রায় পাঁচ লাখ টাকার পশু ও মাছের খাদ্য ভেতরে আটকা পড়ে। বন্ধ হয়ে যায় তার ব্যবসায়িক কার্যক্রম।
এ ঘটনায় মাদ্রাসার সুপার মাওলানা আবু তাহের শুক্রবার আমতলী থানায় লিখিত অভিযোগ দেন।
তবে অভিযোগ অস্বীকার করে শাহজাহান সরদার বলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির ঘটনাস্থলে এসেছিলেন। তিনি বিষয়টি মীমাংসা করে দেবেন বলে মালামাল স্টলে রাখা হয়েছে, যাতে সেগুলো নষ্ট না হয়।
মাদ্রাসা সুপার আবু তাহের বলেন, পুলিশ স্টলটি দখলমুক্ত করে যাওয়ার এক ঘণ্টা পর শাহজাহান সরদার সেখানে মালামাল রেখে আবারও দখল করেন। তাকে নিষেধ করেও কোনো লাভ হয়নি। তিনি আরও বলেন, শাহজাহানের মালামাল স্টলে না রেখে মাদ্রাসায় রাখার জন্য জালাল উদ্দিন ফকিরকে অনুরোধ করেছিলেন। কিন্তু তিনিও তার কথা শোনেননি।
আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, পুলিশ পাঠিয়ে মাদ্রাসার স্টল দখলমুক্ত করা হয়েছে। এরপর কী হয়েছে, তা জানা নেই।

-6adcbfe165b7c.jpg)