লাউয়ের দাম সর্বোচ্চ ২ টাকা
Advertisement
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০২:১৩ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
পঞ্চগড়ের আটোয়ারীতে এবার লাউ চাষ করে বিপাকে পড়েছেন কৃষকরা। উৎপাদন খরচ বেশি হলেও বাজারে মিলছে না দাম। প্রতি পিস লাউ বিক্রি করতে হচ্ছে ২-৩ টাকা দরে। হতাশ হয়ে অনেকে কেটে ফেলছেন গাছ। লাভের আশায় লাউয়ের আবাদ করা এসব কৃষকদের অভিযোগ, সঠিক বাজার ব্যবস্থাপনার অভাবেই তাদের পড়তে হচ্ছে নিশ্চিত লোকসানের মুখে।
চরম হতাশা থেকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার কিসমত এলাকার কৃষক হাসিনুর বলেন, বাড়তি লাভের আশায় ধার-ঋণ করে অনেক কষ্টে নিজের ২০ শতক জমিতে লাউয়ের আবাদ করেছিলেন তিনি। আবহাওয়া ভালো থাকায় এ বছর ফলনও হয়েছিল ভালো। তবে, ফসল তুলে বাজারে বিক্রি করতে গিয়ে লাভের বদলে ভাগ্যে মিলছে চরম হতাশা। খেত থেকে আড়ত পর্যন্ত যেখানে পরিবহণ ভাড়া গুনতে হয় লাউপ্রতি ১টাকারও বেশি, সেখানে প্রতি পিছ লাউ বিক্রি করতে হচ্ছে কখনো ১ টাকা, কখনো দেড় টাকা বা কখনো সর্বোচ্চ ২ টাকায়।
‘লাভ বা উৎপাদন খরচ তো দূরের কথা এতে চরম লোকসানে পড়তে হচ্ছে আমাদের’ উল্লেখ করে তিনি আরও বলেন, চরম হতাশা থেকে লাউ কেটে ফেলে দিচ্ছেন কেউ কেউ।
তবে, এমন বাজার অবনতির কারণ জানতে চাইলে এ বছর আমদানির তুলনায় বাজারে চাহিদা কম থাকার অযুহাত খুঁজছেন আড়তদাররা। তাদের ভাষ্য মতে পণ্য লোড-আনলোডসহ পরিবহণ খরচ মেটাতে গিয়ে হচ্ছে না তেমন লাভ।
এদিকে মধ্যসত্বভোগীদের কারণে বাজার পরিস্থিতির এমন অবস্থা উল্লেখ করে উপায় হিসেবে জেলা কৃষি বিভাগ জানাচ্ছে, সমবায় পদ্ধতিতে কৃষক পর্যায়ে সরাসরি বিপণন ব্যবস্থা করার কথা।
তবে মাঠ পর্যায় থেকে সরকারি বাজার ব্যবস্থাপনার ঘাটতির অভিযোগ করা হলেও, তা অস্বীকার করা হয়েছে কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে। বাজার মনিটরিং ব্যর্থতায় দেখানো হয়েছে জনবল ঘাটতির কারণে। তবে এতকিছুর পরও শিগগিরই লাউসহ সবজির বাজার নিয়ন্ত্রণে চলে আসার আশার বাণী শোনাচ্ছেন তারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন বলেন, পঞ্চগড়ে প্রতিবছর ৫-৬শ হেক্টর জমিতে আবাদ করা হয় লাউয়ের। জেলার কৃষি অর্থনীতিকে সচল রাখতে লাউসহ সব রকমের কৃষিপণ্যের সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার সব রকম কাজ করছে কৃষি বিভাগ।
