নুসরাত হত্যা মামলায় শামীম ফের তিন দিনের রিমান্ডে
Advertisement
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০১৯, ১০:৩৩ পিএম
শাহাদাত হোসেন শামীম
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার আসামি শাহাদাত হোসেন শামীমের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে তার ওই রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে রাফি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে শাহাদাতকে হাজির করেন এবং জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানান। ওই আবেদনের ভিত্তিতে আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসাইন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শাহাদাতকে গত ১৩ এপ্রিল ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেফতার করে পিবিআই। ওই দিন সন্ধ্যায় শাহাদাত ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ওই স্বীকারোক্তিতে জানা গেছে, গত ৬ এপ্রিল সকালে পরীক্ষার আগে নুসরাতকে মাদ্রাসার প্রশাসনিক ভবনের ওপর ডেকে নিয়ে যায় উম্মে সুলতানা পপি। তৃতীয়তলার ছাদে শামীমসহ চারজন ছিলেন। তাদের তিনজন পুরুষ এবং একজন নারী।
পুরুষ সদস্যরা নিজেদের পরিচয় গোপন করার জন্য বোরকা ও হাতমোজা পরেছিলেন। তারা হলেন শামীম, জাবেদ ও জোবায়ের। নারী ছিলেন কামরুন নাহার মণি। তারা নুসরাতের হাত ও পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। বর্তমানে তারা সবাই গ্রেফতার হয়ে ফেনীর বিচারিক হাকিম আদালতে রয়েছেন ও ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
নুসরাত হত্যা মামলায় এ পর্যন্ত ২১ জন গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে আটজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
