সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ও সাধারণ সম্পাদক শামীম আহমদ। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সিলেট জেলা যুবলীগের নেতৃত্ব এখন দুই শামীমের হাতে। দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তারা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কাউন্সিলরদের গোপন ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমদ ও সাধারণ সম্পাদক হন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ।
সভাপতি পদে তিন প্রার্থীর মধ্যে শামীম সর্বাধিক ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। সভাপতি পদে অপর দুই প্রার্থী সেলিম উদ্দিন সেলিম ৮৬ ও অ্যাডভোকেট আলমগীর ৭৩টি ভোট পান।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে ৪ প্রার্থীর মধ্যে জেলা পরিষদ সদস্য শামীম আহমেদ ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে অন্য প্রার্থীদের মধ্যে জাহাঙ্গীর আলম ৭১, অ্যাডভোকেট আফছর আহমদ ৬৭ ও জাহিদ সারোয়ার সবুজ ৩৩ ভোট পান। বাতিল হয়েছে ৩টি ভোট।
সোমবার রাতে নগরীর রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে ভোটগ্রহণ শেষে তাদের নাম ঘোষণা করা হয়। এর আগে বেলা ১১টায় রেজিস্ট্রারি মাঠে সম্মেলনের প্রথম পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী আর পরিচালনা করেন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।
উল্লেখ্য, ২০০৩ সালে সর্বশেষ জেলা যুবলীগের কমিটি গঠন করা হয়েছিল।
