Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আরইউজে সম্পাদক সাংবাদিক তানজিমকে রেল কর্মকর্তার হুমকি

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ০৯:৩৫ পিএম

আরইউজে সম্পাদক সাংবাদিক তানজিমকে রেল কর্মকর্তার হুমকি

ফোনে হুমকি। প্রতীকী ছবি

Advertisement

দৈনিক যুগান্তর রাজশাহী ব্যুরোর স্টাফ রিপোর্টার এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক তানজিমুল হকসহ সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দিয়েছেন পশ্চিম রেলের সাবেক প্রধান প্রকৌশলী রমজান আলী। 

বর্তমানে তিনি খুলনা-মোংলা রেল প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার রাতে তিনি সাংবাদিক তানজিমকে এ হুমকি দেন।

রেল কর্মকর্তা রমজান আলীর অশ্লীল ভাষায় গালিগালাজ এবং হুমকির পর নিজের ও সাংবাদিকদের ক্ষতির আশঙ্কায় রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক তানজিম। শুক্রবার সকালে তিনি এই জিডি করেন। 

কাশিয়াডাঙ্গা থানার ওসি মনসুর আলী আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

জিডিতে সাংবাদিক তানজিম উল্লেখ করেছেন, গত বছরের ১৭ ডিসেম্বর দৈনিক যুগান্তরে ‘রাজশাহীতে নির্যাতন মামলা তুলে নিতে স্ত্রীকে হুমকি, পশ্চিম রেলের সাবেক প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ’ এবং চলতি বছরের ২১ জানুয়ারি ‘ছোট ছোট কাজে অবিশ্বাস্য ব্যয়, পশ্চিম রেলে লুটের সুনামি’ শীর্ষক শিরোনামে পশ্চিম রেলের নজিরবিহীন দুর্নীতির দুটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। 

এরপর থেকেই রমজান আলী বিভিন্নভাবে বিভিন্নজনকে দিয়ে হুমকি দিয়ে আসছেন যাতে তার আর কোনো দুর্নীতির খবর পত্রিকায় প্রকাশিত না হয়। এরই মধ্যে তার বিরুদ্ধে আরও গুরুতর দুর্নীতির তথ্য হাতে আসায় সাংবাদিকতার নীতিমালা যথাযথভাবে অনুসরণ করে রমজান আলীর মতামত ও বক্তব্য গ্রহণের জন্য তাকে ফোন করা হয়। 

কিন্তু রমজান আলী ফোনকলটি ধরেই তাকে এবং সাংবাদিক কমিউনিটিকে অকথ্য ও অরুচিকর ভাষায় গালাগালি শুরু করেন। তাকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে চেষ্টা করলেও তিনি একপর্যায়ে সাংবাদিক তানজিমকে যেকোনো উপায়ে দেখে নেয়ার হুমকি দেন। একপর্যায়ে মামলা করে জব্দ করা হবে বলেও হুমকি দেন তিনি।

কাশিয়াডাঙ্গা থানার ওসি মনসুর আলী আরিফ জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়ম অনুযায়ী জিডি রেকর্ড করা হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সাংবাদিক তানজিমুল হককে হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আরইউজে। 

শুক্রবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। 

বিবৃতিতে বলা হয়, তানজিমুল হক আরইউজের সাধারণ সম্পাদক। তিনি একজন পেশাদার সাংবাদিক। তাকে হুমকি দেয়ার বিষয়টি সাংবাদিক সমাজ কোনোভাবেই মেনে নেবে না।

বিবৃতিতে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হুমকিদাতা রমজান আলীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। তা না হলে সাংবাদিক সমাজ তার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলবেন বলেও বিবৃতিতে হুশিয়ারি দেয়া হয়। 

বিবৃতিতে আরইউজের সহসভাপতি শরীফ সুমন, সহসাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, নির্বাহী সদস্য মিজানুর রহমান টুকু এবং সামাদ খান রমজান আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান। 

এছাড়া পৃথক বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি মামুন অর রশিদ, কার্যনির্বাহী সদস্য আনু মোস্তফা এবং জাবীদ অপু সাংবাদিক তানজিমকে হুমকি দেয়ার ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে রেল কর্মকর্তা রমজান আলীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়ার জোর দাবি জানিয়েছেন।  

উল্লেখ্য, রেলের এই কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে রাজশাহীর আদালতে একটি মামলা চলমান রয়েছে। এ মামলার প্রাথমিক বিচারিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিতও হয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির তদন্ত করছে।

Advertisement

যুগান্তর রাজশাহী হুমকি রেল

Advertisement

আরও পড়ুন

হোটেল মালিকের ছেলে পরিচয়ে তাজমীনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন রাজু

হোটেল মালিকের ছেলে পরিচয়ে তাজমীনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন রাজু

জেলেদের চাল চুরির দায়ে ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

জেলেদের চাল চুরির দায়ে ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ঢাবির ফার্স্ট ক্লাশ ফার্স্ট রমার ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে

ঢাবির ফার্স্ট ক্লাশ ফার্স্ট রমার ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম