Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

রুমায় পাহাড় চূড়ায় বগা লেকের পানি হঠাৎ ঘোলাটে

Advertisement

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৩ পিএম

রুমায় পাহাড় চূড়ায় বগা লেকের পানি হঠাৎ ঘোলাটে

বগা লেক

Advertisement

বান্দরবানের রুমা উপজেলায় পাহাড়ের চূড়ায় রহস্যময় বগা লেকের পানি হঠাৎ ঘোলাটে হয়ে উঠেছে। স্থানীয়দের কাছে এটি ড্রাগন ও দেবতার লেক নামেও পরিচিত।

স্বাভাবিক অবস্থায় এর পানি স্বচ্ছ ও নীল রঙের। বর্তমানে লেকের পানির চেহারা মাটির রঙের মতো হয়ে গেছে।

শুধু ঘোলাটে নয়, রহস্যময় এই লেকের পানি থেকে এক ধরনের গন্ধ বের হচ্ছে। মঙ্গলবারও পরিষ্কার হয়নি কয়েক দিন ধরে ঘোলা হওয়া প্রাকৃতিক এ লেকের পানি।

জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল থেকে জেলার রুমা উপজেলার অন্যতম পর্যটন স্পট পাহাড়ের চূড়ায় স্বচ্ছ পানির বৃহত্তর প্রাকৃতিক এ লেকের পানি ঘোলাটে হতে থাকে। কয়েক দিনের মধ্যে লেকের সম্পূর্ণ পানি কাদামাখা হয়ে গেছে- যা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। লোকজন এখানে গোসল করতেও ভয় পাচ্ছে। হঠাৎ করে পানি ঘোলাটে হওয়ার কারণ বলা যাচ্ছে না।

রেমাক্রি প্রাংসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়ালদো বম ও বম ধর্মীয় নেতা রেভারেন্ট জারলম বম বলেন, পাহাড়ের চূড়ায় প্রাকৃতিক এ লেকের উৎপত্তি সম্পর্কে বহু কথা প্রচলিত আছে। নামকরণ নিয়েও রয়েছে নানা গল্প। তবে বগা লেকের পানি ঘোলা হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। চার-বছরের মধ্যে অন্তত একবার এই লেকের পানি ঘোলাটে হয়ে ওঠে। সাত-দশ দিন ঘোলা থাকার পর পুনরায় পানি পরিষ্কার হয়ে যায়। কিন্তু কেন পানি ঘোলাটে এবং দুর্গন্ধ হয়ে ওঠে সেটি বলা মুশকিল। হয়তো রহস্যময় এই লেকের  পেছনে কোনো রহস্য লুকায়িত আছে।

ভ্রমণকারী ভূতত্ত্ববিদদের মতে, বগাকাইন হ্রদ (বগা লেক) মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ কিংবা মহাশূন্য থেকে উল্কাপিণ্ডের পতনের ফলে সৃষ্টি হয়েছে। অনেকের ধারণা ভূমিধসের কারণে এটি সৃষ্টি হয়েছে। বগা লেকটি বান্দরবান সদর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে এবং রুমা উপজেলা সদর থেকে ১৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও শামসুল আলম জানান, লেকের পানি কেন নির্দিষ্ট একটি সময়ে ঘোলাটে হয়, সেটি বলা মুশকিল। পানির গভীরে কোনো আলোড়ন সৃষ্টির কারণে অথবা কোনো জলজ উদ্ভিদ মরে পচে গেলে পানি ঘোলা হয়ে থাকতে পারে।

Advertisement

বান্দরবান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম