রাজবাড়ীতে শিলাবৃষ্টি। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় হঠাৎ শিলাবৃষ্টি হয়েছে। এতে আমের মুকুল ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঘণ্টাব্যাপী শিলাবৃষ্টি হয়। একেকটি শিলার ওজন হবে ১০০ থেকে ৩০০ গ্রাম পর্যন্ত বলে জানান বালিয়াকান্দির বাসিন্দারা। অসময়ে শিলাবৃষ্টি দেখে গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
কৃষকরা জানান, গ্রীষ্ম মৌসুমের প্রথমে বয়ে যাওয়া এ শিলাবৃষ্টিতে বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমগাছের মুকুল ঝরে পড়েছে। এতে পেঁয়াজ ও রসুনেরও ব্যাপক ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টির সঙ্গে সঙ্গে উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় মানুষ ভীত হয়ে পড়েন।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কৃষক আজাদ জানান, আমার জীবনে বৃষ্টিতে এত বড় ধরনের শিলা দেখিনি। একেকটি শিলার ওজন হবে ১০০ থেকে ৩০০ গ্রাম পর্যন্ত।
শিলার কারণে আমার গাছের আমের মুকুল ঝরে পড়েছে এবং মাঠের পেঁয়াজ-রসুনের অনেকটা ক্ষতি হয়েছে। এই শিলাবৃষ্টির কারণে পেঁয়াজ-রসুন সংরক্ষণ করা মুশকিল হবে বলে তিনি জানান।
বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন যুগান্তরকে বলেন, এ সময়ের শিলাবৃষ্টিতে বেশিরভাগ আমগাছের মুকুল ও মাঠে থাকা পেঁয়াজ-রসুনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
